লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে মরিয়া কংগ্রেস। সেই ইস্যুতে ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল কংগ্রেসের অবস্থান স্পষ্ট করলেন লোকসভায় দলের নেতা Abhishek Banerjee। মঙ্গলবার তিনি জানান, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনও আপত্তি নেই। তবে অনাস্থা আনার আগে স্পিকারকে চিঠি দিয়ে তাঁর অবস্থান জানার সুযোগ দিতে চায় তারা।
অভিষেক বলেন, ‘ইন্ডিয়া জোটের সব শরিক দল একসঙ্গে স্পিকারকে চিঠি দিক। চিঠিতে যে অভিযোগগুলি তোলা হচ্ছে, তা স্পষ্টভাবে উল্লেখ করা হোক। তারপর ২-৩ দিন সময় দেওয়া হোক স্পিকারের সদুত্তরের জন্য। সেই সময়ের মধ্যে কোনও পদক্ষেপ না হলে পরদিনই অনাস্থা প্রস্তাব আনা যেতে পারে’।
একই সঙ্গে অভিষেকের অভিযোগ, সরকারই অধিবেশন চালাতে চাইছে না। তাঁর দাবি, বাজেট নিয়ে আলোচনা এড়াতেই বারবার সংসদ মুলতুবি করা হচ্ছে। সোমবার দুপুর ২টো থেকে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত অধিবেশন মুলতুবি ছিল। মঙ্গলবারও অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিরোধীদের হট্টগোলে আবার মুলতুবি হয়ে যায়।
অভিষেক বলেন, ‘বিরোধীরা সংসদ চলুক চাইছে, কারণ বাজেট নিয়ে আলোচনা ও প্রশ্ন তোলার জন্যই মানুষ সাংসদদের পাঠিয়েছেন। কিন্তু সরকার বিরোধীদের রাজনৈতিক আক্রমণ সহ্য করতে পারছে না।’ তবে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রসঙ্গে অভিষেক স্পষ্ট করেন, তৃণমূল আগে সুযোগ দেওয়ার নীতিতে বিশ্বাসী। তাঁর বক্তব্য, ‘কারও ভুল থাকলে আগে তাকে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেওয়া উচিত। না হলে বিজেপি আর বিরোধীদের মধ্যে পার্থক্য থাকবে না।’











