Site icon Hindustan News Point

Jammu and Kashmir Kishtwar: জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াই, শহিদ ১ জওয়ান

Jammu and Kashmir Kishtwar

জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে শহিদ হলেন নিরাপত্তা বাহিনীর এক সদস্য। গতকাল অর্থাৎ, ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতীয় সেনার স্পেশাল ফোর্সের হাবিলদার গজেন্দ্র সিং। সোমবার সেনার পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে রবিবার ওই সংঘর্ষে অন্তত আট জন জওয়ান আহত হওয়ার খবর সামনে এসেছিল।

সেনার তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, “হোয়াইট নাইট কর্পসের জিওসি এবং সেনার সমস্ত স্তরের পক্ষ থেকে স্পেশাল ফোর্সের হাবিলদার গজেন্দ্র সিংকে গভীর শ্রদ্ধা জানানো হচ্ছে। ১৯ জানুয়ারি ২০২৬-র রাতে কিস্তওয়ারের সিংপুরা এলাকায় চলা ‘অপারেশন ত্রাশি-১’-এর সময় তিনি সাহসিকতার সঙ্গে সন্ত্রাসদমন অভিযানে অংশ নিতে গিয়ে আত্মবলিদান দেন।”

রবিবার কিস্তওয়ার জেলার চাত্রু এলাকার সিংপুরা অঞ্চলে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে যৌথ অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং CRPF একসঙ্গে কর্ডন ও সার্চ অপারেশন চালায়। সেই সময়ই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। প্রবল গোলাগুলির মধ্যে একাধিক জওয়ান আহত হন। পরে তাঁদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে সেনা-জঙ্গি গুলির লড়াই, আহত ৭ জওয়ান

সেনা আধিকারিকদের মতে, এই অভিযান ‘অপারেশন ত্রাশি-১’ নামেই চলছে এবং চাত্রুর উত্তর-পূর্বে সোন নার এলাকায় এখনও তল্লাশি অব্যাহত রয়েছে। দুর্গম পাহাড়ি জঙ্গল ও প্রতিকূল আবহাওয়ার কারণে অভিযান অত্যন্ত কঠিন হলেও নিরাপত্তা বাহিনী পিছিয়ে আসছে না। সম্ভাব্য জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কায় গোটা এলাকায় নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে।

প্রজাতন্ত্র দিবসের আগে কিস্তওয়ার সহ জম্মু অঞ্চলে জঙ্গি নাশকতার আশঙ্কা মাথায় রেখেই এই ধরনের অভিযান জোরদার করা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Exit mobile version