Site icon Hindustan News Point

বাথরুমের ফ্ল্যাশে মোবাইল! পরীক্ষা চলাকালীন গ্রেফতার NEET পরীক্ষার্থী

NEET UG 2026

দেশজুড়ে প্রশ্নপত্র ফাঁসের বিতর্কের পর রবিবার কড়া সুরক্ষায় অনুষ্ঠিত হয় নিট (NEET UG 2026) পুনঃপরীক্ষা। প্রায় ২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। কিন্তু তাতেও বিতর্ক। হায়দ্রাবাদের রাগান্নাগুড়ায় NEET (UG) পরীক্ষা চলাকালীন বাথরুমের ফ্ল্যাশ ট্যাংকে মোবাইল ফোন লুকিয়ে রাখার অভিযোগে ১৮ বছর বয়সী এক পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, এই ঘটনাটি ঘটেছে, হায়দ্রাবাদের আদিবাতলা থানার আওতায় রাগান্নাগুডার জেলা পরিষদ হাই স্কুলে। অভিযুক্ত পরীক্ষার্থী সকাল ৭টা নাগাদ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। এরপর পরীক্ষা চলাকালীন অভিযুক্ত এই পরীক্ষার্থী পেটে ব্যথার নাম করে বাথরুমে যান। সেখানে গিয়ে ফ্ল্যাশ ট্যাঙ্কে লুকিয়ে রাখা মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্নপত্রের উত্তর খোঁজার চেষ্টা করেন। দেরি হওয়ায় সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয়। এবার তাঁরাই গিয়ে ওই পরীক্ষার্থীকে হাতেনাতে ধরে ফেলেন। স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে প্রশাসন অভিযুক্তের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। তাঁর বিরুদ্ধে ফৌজদারি একাধিক মামলা রুজু করা হয়েছে (NEET UG 2026)।

অন্যদিকে নিট (NEET UG 2026) পরীক্ষার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের একটি বড়সড় জালিয়াতি চক্রের পর্দাফাঁস করল পুলিশ। অন্যের হয়ে ভুয়ো পরীক্ষার্থী সেজে পরীক্ষা দেওয়ার অপরাধে নামকরা মেডিকেল কলেজের এমবিবিএস ছাত্র এবং চিকিৎসক সহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

ধৃত পরীক্ষার্থীরা বিভিন্ন জেলা ও ভিন রাজ্যের বাসিন্দা এবং তারা প্রত্যেকেই অত্যন্ত নামী মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত। এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে বায়োমেট্রিক হাজিরা রেকর্ডিংয়ের দায়িত্বে থাকা একটি বেসরকারি সংস্থার ৭ জন কর্মীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এর সঙ্গে কারা জড়িত, কোনও চক্র এর সঙ্গে জড়িয়ে রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রশাসনের একটি বিশেষ দল এই আন্তঃরাজ্য জালিয়াতি চক্রের মূল মাথাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি জারি রেখেছে।


Exit mobile version