দিল্লিতে ফের বোমাতঙ্ক। লালকেল্লার কাছে বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই এ বার ৯টা স্কুলে বোম মারার হুমকির মেইল করা হলো। সোমবার, ৯ ফেব্রুয়ারি সকালে স্কুলগুলিতে ইমেইলের ও ফোন কলের মাধ্যমে দেওয়া হয় হুমকি। যার জেরে দিল্লি জুড়ে তৈরী হয়েছে আতঙ্কের পরিস্থিতি (Bomb threat in Delhi)।
সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যেই হুমকিমূলক ফোন কলগুলি আসে। পর পর ৯টি স্কুলেই ফোন করা হয়। সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হয় স্কুল কর্তৃপক্ষ। খবর পাওয়ার তাৎক্ষনিক মুহূর্তেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
দিল্লি পুলিশ, দমকল বিভাগ ও বম্ব স্কোয়্যাড ৯টি স্কুলে পৌঁছয়। নিরাপত্তার জন্য পড়ুয়ী ও স্কুল কর্মীদের বের করা হয় স্কুল থেকে, শুরু হয় তল্লাশি।
স্কুলগুলিতে আপাতত ছুটির ঘোষণা করা হয়েছে। এখনও তদন্ত চলছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
১০ই নভেম্বর ২০২৫ তারিখে দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু হয়। সেই ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বোমা হামলার হুমকি।
