Site icon Hindustan News Point

CBI Arrest: এ এক উলটপুরান, CBI-এর হাতে গ্রেফতার CBI অফিসার

cbi arrest

নিজের দপ্তরের দুর্নীতিতেই জড়িয়ে পড়ল CBI। ওডিশার কয়লাখনি এলাকায় ‘প্রোটেকশন ও তোলাবাজি চক্র’ চালানোর অভিযোগে CBI গ্রেপ্তার করল তাদেরই এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরকে (CBI Arrest)। ধৃত অফিসারের নাম প্রশান্তকুমার পাল্লেই। তিনি ভুবনেশ্বরে কর্মরত ছিলেন। এই ঘটনায় তাঁর সঙ্গে সারদা প্রসাদ শেঠি নামের এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে, যিনি মহানদী কোলফিল্ডস লিমিটেড-এর ডেসপ্যাচ অফিসার।

CBI সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে ওডিশার কয়লাবাহী এলাকায় তোলাবাজির অভিযোগ বাড়ছিল। তদন্তে নেমে দেখা যায়, প্রশান্তকুমার পাল্লেই ও সারদা প্রসাদ শেঠি মিলেই এই চক্র চালাচ্ছিলেন। অভিযোগ, পরিবহণকারী ও কয়লা উত্তোলনকারী সংস্থাগুলির কাছ থেকে ঘুষ নিয়ে নিম্নমানের কয়লাকে উচ্চমানের কয়লা বলে চালান দেওয়ার ছাড়পত্র দিতেন সারদা। এই বেআইনি কারবার নির্বিঘ্নে চালানোর জন্য নিয়মিত ‘প্রোটেকশন মানি’ দেওয়া হত CBI অফিসার প্রশান্তকে।

দাম বাড়ছে সিগারেটের, বাজেটে সস্তা হলো কী কী? রইল তালিকা

CBI-য়ের FIR অনুযায়ী, পাল্লেই শুধুমাত্র টাকা নেওয়াই নয়, সংস্থার ঊর্ধ্বতন কর্তাদের ভয় দেখিয়ে সারদাকে নির্দিষ্ট জায়গায় পোস্টিং পাইয়ে দেওয়ার অভিযোগেও অভিযুক্ত। তদন্তকারীদের দাবি, অভিযুক্ত অফিসার নিজের স্ত্রী ও ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে ঘুষের টাকা সংগ্রহ করতেন। জুন থেকে সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে একাধিক আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে।

এমনকি, এলাকার অন্যান্য বড় ঠিকাদার ও কয়লা ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য জোগাড় করে তাঁদের ফাঁদে ফেলার চেষ্টাও করা হচ্ছিল বলে অভিযোগ। CBI জানিয়েছে, এই ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, সরকারি কর্মচারীর ঘুষ গ্রহণ এবং বেসরকারি ব্যক্তির ঘুষ দেওয়ার মতো একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। তদন্ত এখনও চলছে।


Exit mobile version