Site icon Hindustan News Point

মদের দোকান থেকে আদায় ১০২ কোটি টাকা, ক্ষমতায় এসেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

CM Vijay Tamil Nadu

তামিলনাড়ুতে সরকার গঠনের পরই মদের ব্যবসা ঘিরে দুর্নীতি ও বেআইনি অর্থ লেনদেনের বিরুদ্ধে বড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। শুক্রবার প্রথম মন্ত্রিসভার বৈঠকেই রাজ্য পরিচালিত মদ বিক্রয় সংস্থা TASMAC-এ চলা কথিত ‘পার্টি ফান্ড’ সংগ্রহ ও আর্থিক অনিয়মের ক্ষতির অভিযোগ নিয়ে কড়া অবস্থান নেন তিনি। সরকারি সূত্রের দাবি, গত কয়েক বছর ধরে TASMAC-এর বিভিন্ন স্তরে প্রতি মাসে প্রায় ১০২ কোটি টাকা রাজনৈতিক তহবিলে চলে যাচ্ছিল। হিসাব অনুযায়ী, গত পাঁচ বছরে এই অঙ্ক প্রায় ১,৬০০ কোটিতে পৌঁছতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। (CM Vijay Tamil Nadu)

তামিলনাড়ু জুড়ে বর্তমানে TASMAC-এর ৪,০৪৮টি নিবন্ধিত মদের দোকান রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, মদ বিক্রির মাধ্যমে অর্জিত প্রতিটি টাকা যেন সরাসরি রাজ্যের কোষাগারে জমা পড়ে। কোনও ধরনের অনানুষ্ঠানিক সংগ্রহ বা ‘কাটমানি’ ব্যবস্থা আর চলবে না। এই গোটা সংস্কার প্রক্রিয়ার দায়িত্বে রয়েছেন রাজ্যের আবগারি মন্ত্রী কে. ভিগনেশ। ৩৭ বছর বয়সি এই মন্ত্রী জানান, সরকার দুর্নীতির অর্থ নয়, স্বচ্ছ রাজস্ব ব্যবস্থার মাধ্যমে প্রশাসন চালাতে চায়। (CM Vijay Tamil Nadu)

আবগারি দফতরের সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মদের প্রতিটি কেসের উপর নির্দিষ্ট অঙ্কের টাকা অতিরিক্ত আদায় করা হতো। অভিযোগ, ১৮০ মিলি, ৩৭৫ মিলি ও ৭৫০ মিলি মদের প্রতিটি কেসে গড়ে ৯০ টাকা, বিয়ারের কেসে ৪০ টাকা এবং ওয়াইনের কেসে ২০ টাকা করে তথাকথিত ‘পার্টি ফান্ড’-এর জন্য তোলা হতো। এই অর্থ গুদাম, পরিবহণ ও খুচরো বিক্রির বিভিন্ন স্তর পেরিয়ে সংগ্রহ করা হত বলে অভিযোগ।

সরকারের নজরে এসেছে TASMAC-এর বিতর্কিত ‘খালি বোতল ফেরত’ প্রকল্পও। বর্তমানে প্রতিটি বোতলের জন্য ক্রেতার কাছ থেকে অতিরিক্ত ১০ টাকা নেওয়া হয়, যা বোতল ফেরত দিলে ফেরত পাওয়ার কথা। কিন্তু প্রশাসনের দাবি, বিক্রি হওয়া বিপুল সংখ্যক বোতলের তুলনায় অনেক কম বোতল ফেরত আসত। ফলে কোটি কোটি টাকার আমানত অজানা পথে চলে যেত। শুধু এই ব্যবস্থাতেই মাসে প্রায় ৩০০ কোটি টাকার দুর্নীতির সম্ভাবনার কথা উঠে এসেছে। (CM Vijay Tamil Nadu)

ইতিমধ্যেই ৭১৭টি TASMAC দোকান বন্ধের নির্দেশ দিয়েছে বিজয় সরকার। এতে বছরে প্রায় ৮,০০০ কোটি টাকার রাজস্ব কমতে পারে বলে অনুমান। তবুও মদের দাম বাড়ানোর পথে হাঁটতে রাজি নয় সরকার। প্রশাসনের বক্তব্য, রাজস্ব বৃদ্ধির নামে সাধারণ মানুষের শোষণ বা দুর্নীতিকে কোনওভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। TASMAC-এ অভিযান শুরুর পর এবার খনি-সহ অন্যান্য দফতরেও রাজস্ব ফাঁকি ও অনিয়মের তদন্ত হতে পারে বলে ইঙ্গিত মিলেছে সরকারি মহল থেকে। (CM Vijay Tamil Nadu)

ফের অশান্ত মণিপুর, সশস্ত্র হামলায় কাংপোকপিতে নিহত ৩, আতঙ্কে জঙ্গলে পালালেন বাসিন্দারা


Exit mobile version