রাজধানী দিল্লিতে ফের সামনে এল নারীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। (Delhi Crime) দিল্লির রানি বাগ ও নাংলোই এলাকার মধ্যে একটি প্রাইভেট স্লিপার বাসে ৩০ বছরের এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় বাসের চালক ও সহকারীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত বাসটিও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে রাজধানীতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা মঙ্গোলপুরীর একটি কারখানায় কাজ করেন। (Delhi Crime) সোমবার গভীর রাতে কাজ সেরে তিনি বাড়ি ফিরছিলেন। রাত প্রায় ১২টা ৩০ মিনিট নাগাদ সরস্বতী বিহারের বি-ব্লক বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকা বিহার রেজিস্ট্রেশন নম্বর লেখা একটি কমলা রঙের স্লিপার বাসের সামনে গিয়ে তিনি সময় জানতে চান। অভিযোগ, সেই সময় কন্ডাক্টর তাঁকে জোর করে বাসের ভিতরে টেনে নিয়ে যায়।
এরপর বাসটি রানি বাগ এলাকা থেকে নাংলোইয়ের দিকে যেতে থাকে। অভিযোগ, চলন্ত বাসের ভিতরেই চালক উমেশ এবং তার সহকারী রামেন্দ্র মহিলাকে গণধর্ষণ করে। প্রায় ৭ কিলোমিটার রাস্তা বাসটি ঘোরার পর নাংলোই এলাকায় নির্যাতিতাকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
মঙ্গলবার ভোর প্রায় ৪টা ৪৫ মিনিটে নাংলোই থানায় প্রথম ফোন আসে। পরে মামলাটি রানি বাগ থানায় স্থানান্তর করা হয়। (Delhi Crime) মহিলার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(১) (ধর্ষণ), ৭০(১) (গণধর্ষণ) এবং ৩(৫) ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্তই উত্তরপ্রদেশের বাসিন্দা। তারা দিল্লি থেকে বিহার মুখী বাসে যাত্রী তুলতে যাচ্ছিল। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষাও সম্পন্ন হয়েছে।
এই ঘটনা সামনে আসতেই ফের ২০১২ সালের নির্ভয়া কাণ্ডের স্মৃতি উসকে উঠেছে। আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “বড় লজ্জা, দিল্লিতে আবার নির্ভয়া কাণ্ডের পুনরাবৃত্তি। রাতের বাসে সময় জিজ্ঞেস করতেই এক মহিলাকে তুলে নিয়ে গণধর্ষণ করা হলো।”
প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াও বিজেপি সরকার ও দিল্লি পুলিশের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তাঁর দাবি, “দিল্লিতে মেয়েরা স্কুলে নিরাপদ নয়, বাসেও নিরাপদ নয়।” অন্যদিকে, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বলেন, “আমরা নির্ভয়া থেকে কোনও শিক্ষা নিইনি। এই ঘটনা পুরো সমাজের জন্য লজ্জার।”
(Delhi Crime) দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ঘটনার ৪৮ ঘণ্টা পর কেন বিষয়টি প্রকাশ্যে আনায়। বিরোধীদের দাবি, রাজধানীর মতো উচ্চ নিরাপত্তা এলাকায় একটি বাস ঘণ্টার পর ঘণ্টা ঘুরে বেড়াল অথচ পুলিশ কিছু জানতে পারল না—এটাই সবচেয়ে উদ্বেগজনক।
ঘটনার তদন্ত চলছে। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ঝড়ের তাণ্ডবে মৃত্যুপুরী উত্তরপ্রদেশ, ২৪ ঘণ্টায় মৃত ৯৬: Delhi Crime: দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, চলন্ত বাসে মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
