Site icon Hindustan News Point

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা: ট্রেলারে ধাক্কায় খাদে বাস, আগুন, পুড়ে মৃত ৭, আহত ১৫-এর বেশি

Bus Accident

[ছবি:এক্স]

গভীর রাতে অধিকাংশ যাত্রী যখন ঘুমে আচ্ছন্ন, তখনই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। রাজস্থানের দৌসা জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে (Bus Accident) একটি যাত্রীবাহী বাস ট্রেলারের সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই বাসে আগুন লেগে যায়। এই ভয়াবহ ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং ১৫ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, (Bus Accident) হরিদ্বার থেকে ইন্দোরগামী একটি বেসরকারি বাস বুধবার ভোররাত ২টো থেকে ৩টের মধ্যে দৌসা জেলার কোলওয়া থানার অন্তর্গত একটি বিশ্রামাগারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক তদন্তে অনুমান, চলন্ত অবস্থায় বাসটি একটি ট্রেলারের সঙ্গে ধাক্কা খেয়ে ভারসাম্য হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এর পরই বাসের পিছনের অংশে আগুন ছড়িয়ে পড়ে, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে উপরের বার্থে ঘুমিয়ে থাকা বহু যাত্রী ছিটকে নিচে পড়ে যান। আহতদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছেন। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বাসের ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে দৌসা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজন যাত্রী আগুন ছড়িয়ে পড়ার আগেই নিজেদের চেষ্টায় বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য উচ্চতর চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের চিকিৎসার অগ্রগতি খতিয়ে দেখতে হাসপাতালে যান অতিরিক্ত পুলিশ সুপার যোগেন্দ্র ফৌজদার-ডেপুটি সুপারিনটেনডেন্ট ধর্মেন্দ্র কুমার, কোতওয়ালি SHO ভগবান সহায় শর্মা-সহ একাধিক প্রশাসনিক আধিকারিক চিকিৎসকদের প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত বাস এবং ট্রেলারটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে যান চলাচলও ব্যাহত হয়।

‘মা, আমাকে ক্রিকেট খেলতে যেতে হবে…’ চেম্বুরে স্কুলবাসের উপর গাছ, মৃত্যু ১১ বছরের বিহানের, ব্যাট আঁকড়ে স্তব্ধ মা


Exit mobile version