দিল্লিতে অনুষ্ঠিত India AI Impact Summit 2026 থেকে সরিয়ে দেওয়া হলো নয়ডার Galgotias University-কে। সরানোর কারণ, বিশ্ববিদ্যালয়ের স্টলে প্রদর্শনীর জন্য আনা একটি রোবর্ট কুকুর। কেন এই বিতর্ক?
AI সামিটের জন্য বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয় তাদের স্টল দিয়েছিল। সেখানে গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ও ছিল। তারা একটি রোবট কুকুরকে দিয়ে প্রচার করছিল। যার নাম দেওয়া হয়েছিল “Orion”। দাবি করা হয়েছিল, এটি তাদের ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এর অধীনে তৈরি উন্নত প্রযুক্তির অংশ। বলা হয়, রোবটটি নিজে নিজে চলাফেরা করে এবং নজরদারির মতো কাজ করতে সক্ষম।কিন্তু পরে জানা যায়, এই রোবটটি আসলে চিনা সংস্থা Unitree-র তৈরি একটি রোবট। রোবটটির আসল নাম Unitree Go2, যা আন্তর্জাতিক বাজারে সহজেই কেনা যায়।
ঘটনাটি সামনে আসার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই বলেন বাইরে থেকে কেনা একটি রোবটকে নিজেদের উদ্ভাবন হিসেবে দেখানোর ঘটনা বিজ্ঞান ও প্রযুক্তির অসম্মান করা। বিতর্ক বাড়তে থাকায় সম্মেলনের আয়োজকরা বিশ্ববিদ্যালয়ের স্টলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন এবং তাদের প্রদর্শনী এলাকা খালি করতে বলেন।
গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানায়, তারা কখনও দাবি করেনি যে রোবর্টটি সম্পূর্ণ তাদের নিজস্ব তৈরি। তাদের বক্তব্য, শিক্ষার্থীদের গবেষণা ও শেখার কাজে ব্যবহার করার উদ্দেশ্যেই রোবটটি আনা হয়েছিল।
এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লির AI সম্মেলনে দেশীয় প্রযুক্তি প্রদর্শন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, বিষয়টি বিজ্ঞান ও প্রযুক্তি মহলেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপে বিশ্বমঞ্চে ভারতের নাক কাটা গেল। এর পর সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নেয় সেইদিকে তাকিয়ে সকলে।

