গুরগাঁওয়ে ১৯ বছরের এক তরুণীর উপর নৃশংস নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হল তাঁর লিভ-ইন সঙ্গী শিবম (১৯) (Gurugram Crime News)। ডেটিং অ্যাপে আলাপ থেকে শুরু হওয়া সম্পর্ক কয়েক মাসের মধ্যেই একসঙ্গে থাকার সিদ্ধান্তে পৌঁছায়। কিন্তু বিয়ে নিয়ে বিবাদের জেরে ভয়াবহ নির্যাতনের শিকার হন ওই তরুণী বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে দু’জনের পরিচয় হয় এবং পরে গুরগাঁওয়ের সেক্টর ৬৯ এলাকায় একসঙ্গে থাকতে শুরু করেন তাঁরা। পরিবারের মধ্যেও বিয়ের আলোচনা চলছিল। অভিযোগ, ১৯ ফেব্রুয়ারি বিয়ে নিয়ে তীব্র ঝগড়ার পর শিবম তরুণীর উপর শারীরিক নির্যাতন শুরু করেন। তরুণীর দাবি, টানা তিন দিন ধরে তাঁকে মারধর করা হয়। তাঁর যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়, ধাতব বোতল দিয়ে মাথায় আঘাত করা হয় এবং ছুরি নিয়ে তাড়া করা হয়। ঘরের আসবাবে মাথা ঠুকে দেওয়ার অভিযোগও রয়েছে।
গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে AIIMS হয়ে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
পেট্রল পাম্পে ধূমপান! বাধা পেয়ে জ্বালানির ট্যাঙ্কে লাইটার নিক্ষেপ! তারপর?
নির্যাতিতার মা জানান, মেয়ে কাঁদতে কাঁদতে ফোন করে ঘটনার কথা জানালে তিনি পুলিশে অভিযোগ করেন। তাঁর দাবি, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টার মামলা করা হোক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে এবং সে বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ তরুণীর মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। কয়েক মাসের সম্পর্ক কীভাবে এমন নৃশংস পরিণতি পেল, তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

