কর্নাটকের কোপ্পলা জেলায় প্রেমের ভুল সন্দেহকে কেন্দ্র করে এক হিন্দু যুবককে বেধড়ক মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম হন ভেঙ্কটেশ নামে ওই যুবক। পুলিশ ইতিমধ্যেই একাধিক অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। (Hindu Man Assault)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসপত্তনা গ্রামের বাসিন্দা আজমীর ও তাঁর স্ত্রী আফিয়ার মধ্যে পারিবারিক বিবাদের জেরে ঝগড়া হয়। রাগের মাথায় দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান আফিয়া। স্ত্রীকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনার জন্য আজমীর তাঁর দীর্ঘদিনের প্রতিবেশী ভেঙ্কটেশের সাহায্য চান। সেই অনুরোধেই ভেঙ্কটেশ স্থানীয় বাসস্ট্যান্ডে যান। সেই সময়ে আফিয়া ও তাঁর মায়ের সঙ্গে কথা বলেন।
অভিযোগ, সেই সময়ই মুসলিম সম্প্রদায়ের একদল যুবক ভেঙ্কটেশকে ঘিরে ধরে। আফিয়ার সঙ্গে কথা বলার দৃশ্য দেখে তাঁদের মধ্যে প্রেম বা বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে ভুল সন্দেহ করা হয়। স্থানীয়রা বারবার বোঝানোর চেষ্টা করেন যে ভেঙ্কটেশ নির্দোষ এবং তিনি শুধু প্রতিবেশীর অনুরোধে সেখানে এসেছেন। কিন্তু উন্মত্ত জনতা কোনও কথাই না শুনে ভেঙ্কটেশের উপর ঝাঁপিয়ে পড়ে বেধড়ক মারধর করে।
দীর্ঘ যানজট! উপায় না দেখে হেলিকপ্টারে যাত্রা শিল্পপতির
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় খাজা পীর-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তবে ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযুক্তদের একাংশ থানায় হাজির হয়ে উল্টে ভেঙ্কটেশের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করার চেষ্টা করে। যদিও পুলিশ সেই দাবি গ্রহণ করেনি।
ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে উত্তেজিত জনতা, এমনকি হুমকির অভিযোগও উঠেছে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার এই ঘটনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে প্রশাসন।

