Site icon Hindustan News Point

Kashmir Avalanche: ভয়াবহ তুষারধস, মৃত ৭, বন্ধ শ্রীনগর-লেহ হাইওয়ে

Kashmir Avalanche

ভূস্বর্গের ফের তুষারধস। বিশাল বরফের নিচে চাপা পড়ে ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। একাধিক গাড়ি বরফের নিচে আটকে পড়ায় শ্রীনগর-লেহ জাতীয় সড়ক সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

শুক্রবার জম্মু-কাশ্মীর ও লাদাখকে যুক্ত করা গুরুত্বপূর্ণ পাহাড়ি পথ জোজিলা পাসে জিরো পয়েন্টে এই ভয়াবহ তুষারধস নেমে আসে। আচমকা পাহাড় থেকে নেমে আসা বরফের স্তুপের নিচে যাত্রীবাহী গাড়ি চাপা পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অন্তত ১৫ টি গাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে বরফের চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (Kashmir Avalanche)

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরই উদ্ধার অভিযান শুরু করা হয়। পুলিশ, সেনাবাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। বরফ সরিয়ে আটকে পড়া যাত্রীদের বার করার চেষ্টা চলে। প্রাথমিকভাবে কয়েকজনের দেহ উদ্ধার করা হলেও পরে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

Weather Update: বৃষ্টির জেরে তাপমাত্রার বৃদ্ধিতে লাগাম পড়েছে, কতদিন চলবে? কী বলছে হাওয়া অফিস?

প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহতও হয়েছেন। আহতদের দ্রুত দ্রাস এবং সোনমার্গে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়।

হিমালয় পার্বত্য অঞ্চলের অন্যতম ধসপ্রবণ এলাকা এই জোজিলা পাস। প্রবল শীতে এখানে প্রায়ই তুষারধসে ঘটনা ঘটে। তবে অসময় হঠাৎ এই ধসের ঘটনায় পর্যটক এবং এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। (Kashmir Avalanche)

শুক্রবারের দুর্ঘটনার জেরে শ্রীনগর-লেহ হাইওয়ে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত রাস্তা খুলতে সময় লাগবে বলে প্রশাসন জানিয়েছে। প্রশাসনের তরফে পর্যটক ও সাধারণ মানুষদের আপাতত ওই এলাকায় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে, কারণ আবহাওয়া এখনও খারাপ তাই সকলকে সতর্ক থাকার পরামর্শ।


Exit mobile version