Site icon Hindustan News Point

কেরলের কোঝিকোড় রেলস্টেশনে শতবর্ষী ক্লকটাওয়ার ধসে চাঞ্চল্য, অল্পের জন্য এড়াল বড় দুর্ঘটনা

Clocktower Collapse

[ছবি:এক্স]

কেরালার কোঝিকোড় রেলস্টেশনে বৃহস্পতিবার সকালে ১০০ বছরের পুরনো একটি ক্লকটাওয়ার আচমকা ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়ায়। প্রায় ২০-২৫ মিটার উঁচু ওই কাঠামোর বড় অংশ প্ল্যাটফর্ম নম্বর ২-এর উপর ধসে পড়লেও, সৌভাগ্যবশত সেই সময় প্ল্যাটফর্মে কোনও যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গিয়েছে। ঘটনার পর থেকেই পুরনো রেল অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একই দিনে প্রবল বর্ষণে উত্তরাখণ্ডের তেহরি গাড়ওয়াল জেলায় ধসের জেরে একটি বাড়ি ও একটি হোটেলের অংশ ভেঙে পড়লেও, আগাম সরিয়ে নেওয়ায় সেখানেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোঝিকোড় রেলস্টেশনের শতবর্ষী ক্লকটাওয়ারটি দীর্ঘদিন ধরেই জীর্ণ অবস্থায় ছিল এবং সেটিকে ভেঙে ফেলার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকালে আচমকাই কাঠামোর বড় অংশ ভেঙে প্ল্যাটফর্মে পড়ে। ঘটনার সময় প্ল্যাটফর্ম ফাঁকা থাকায় কোনও যাত্রী বা রেলকর্মী আহত হননি।

ঘটনার পর CPIM বিধায়ক পি. এ. মহম্মদ রিয়াস রেল কর্তৃপক্ষের ভূমিকার কড়া সমালোচনা করেন। তাঁর অভিযোগ, কাঠামোটি বিপজ্জনক বলে আগে থেকেই জানা থাকলেও সেখানে সতর্কীকরণ বোর্ড, ব্যারিকেড বা নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়নি। প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন এমন একটি স্টেশনে এই ধরনের গাফিলতি বড় বিপর্যয় ডেকে আনতে পারত বলেও তিনি মন্তব্য করেন।

রিয়াস আরও দাবি করেন, শুধু কোঝিকোড় নয়, কেরলের বিভিন্ন রেলস্টেশনে থাকা পুরনো ভবন ও কাঠামোর অবিলম্বে নিরাপত্তা নিরীক্ষা (সেফটি অডিট) করা উচিত। নতুন ভবন নির্মাণের পাশাপাশি পুরনো অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করাও সমান জরুরি বলে তিনি জানান।

অতি বর্ষণে আর্বজনার স্তূপে ধস! ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ১৭ জনকে উদ্ধার

অন্যদিকে, উত্তরাখণ্ডে টানা বর্ষণের জেরে তেহরি গাড়ওয়ালের কাদ্দুখাল এলাকায় সুরকান্দা দেবী মন্দিরের কাছে ভূমিধসের কারণে একটি বাড়ি এবং সংলগ্ন একটি হোটেলের অংশ মাত্র ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে ধসে পড়ে। ঘটনাটির ভিডিয়ো ইতিমধ্যেই সামাজক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে প্রশাসন আগেই ভবন দু’টি খালি করে দেওয়ায় কোনও প্রাণহানি ঘটেনি।

ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনিক ও বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা। পাহাড়ি জেলাগুলিতে এখনও সতর্কতা জারি রয়েছে এবং বাসিন্দা, তীর্থযাত্রী ও পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে প্রশাসন।

ট্রাম্পের হুঁশিয়ারি; ইরানে ফের আমেরিকার হামলা


Exit mobile version