বিহারের রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সম্প্রতি রাজ্য সরকারের সিদ্ধান্তে তাঁদের Z প্লাস নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। এরপর সরকার নতুন নিরাপত্তা ব্যবস্থা দিলেও তা গ্রহণ করতে রাজি হননি আরজেডি (রাষ্ট্রীয় জনতা দল) প্রধান লালু প্রসাদ যাদব এবং তাঁর স্ত্রী রাবড়ি দেবী। তবে নিরাপত্তাহীন নন আরজেডি প্রধান। তাঁদের নিরাপত্তা দিতে হাজির দলের কর্মীরাই। লাঠি হাতে বাড়ি পাহারা দিতে দেখা গেল একদল আরজেডি কর্মীকে। (Lalu Yadav Rabri Devi)
সম্প্রতি বিহার সরকারের পক্ষ থেকে বিভিন্ন VIP ব্যক্তিদের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনার পরেই লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর Z প্লাস ক্যাটাগরির নিরাপত্তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘদিন ধরে তাঁরা এই উচ্চস্তরের নিরাপত্তা পেয়ে আসছিলেন। কিন্তু সরকারের নতুন সিদ্ধান্তে সেই নিরাপত্তা আর থাকছে না।
এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই আরজেডি শিবিরে তীব্র ক্ষোভ দেখা দেয়। দলের নেতাদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই পদক্ষেপ করা হয়েছে। তাঁদের দাবি, বিহারের অন্যতম গুরুত্বপূর্ণ বিরোধী নেতা লালু প্রসাদ যাদবের নিরাপত্তা কমানো মোটেই হঠাৎ নেওয়া কোনও সিদ্ধান্ত নয়। এর পিছনে আছে রাজনৈতিক চক্রান্ত।
এদিকে নিরাপত্তা প্রত্যাহারের পর লালু ও রাবড়ির পাটনার বাসভবনের বাইরে এক অন্য ছবি দেখা যায়। দলের প্রধানের নিরাপত্তা সরে যেতেই আরজেডি কর্মী-সমর্থকদের অনেকেই তাঁদের বাড়ির সামনে জড়ো হন। কেউ কেউ হাতে লাঠি নিয়ে পাহারার দায়িত্বও নেন। দলের কর্মীদের বক্তব্য, তাঁদের নেতার নিরাপত্তা নিশ্চিত করতেই তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। (Lalu Yadav Rabri Devi)
কোচিং সেন্টারে হামলা কাণ্ডে বড় মোড়, গ্রেফতার খান স্যর
আরজেডির তরফে আরও বলা হয়েছে, বিরোধী নেতাদের গুরুত্ব কমিয়ে দেখানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের নেতারা মনে করছেন, সরকারের এই পদক্ষেপের পিছনে রাজনৈতিক বার্তা রয়েছে। তাই এর বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানানো হচ্ছে।
অন্যদিকে, বিহার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি কোনও রাজনৈতিক সিদ্ধান্ত নয়। প্রশাসনের দাবি, রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা ব্যবস্থা কিছু সময় অন্তর অন্তরই পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার রিপোর্ট এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই এই নতুন নিরাপত্তা কাঠামো তৈরি করা হয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের বক্তব্য। (Lalu Yadav Rabri Devi)

