Site icon Hindustan News Point

Lion of Ladakh Sonam Wangchuk: কার্গিলের বীর ‘লায়ন অফ লাদাখ’ কর্নেল সোনম ওয়াংচুক প্রয়াত, শোকস্তব্ধ দেশ

Lion of Ladakh Sonam Wangchuk

কার্গিল যুদ্ধের কিংবদন্তি নায়ক, ‘লায়ন অফ লাদাখ’ নামে পরিচিত অবসরপ্রাপ্ত কর্নেল সোনম ওয়াংচুক আর নেই (Lion of Ladakh Sonam Wangchuk)। শুক্রবার লেহ শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহাবীর চক্রজয়ী এই বীর সেনা কর্মকর্তা। তাঁর প্রয়াণে গোটা লাদাখ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে তাঁর অসামান্য বীরত্ব আজও ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে উজ্জ্বল। ৩০ মে, হাড়হিম করা ঠান্ডার মধ্যে কোনও আর্টিলারি সাপোর্ট ছাড়াই মাত্র ৪০ জন জওয়ানকে নিয়ে ১৮ হাজার ফুট উচ্চতায় অভিযান চালান তিনি। টানা তিন দিনের সেই লড়াইয়ে তাঁর নেতৃত্বাধীন দল ১৩৬ জন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে নিকেশ করে। এই অসাধারণ সাহসিকতার জন্যই তাঁকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান ‘মহাবীর চক্র’-এ ভূষিত করা হয়।

প্রায় ৩০ বছর দেশের সেবায় নিয়োজিত ছিলেন কর্নেল ওয়াংচুক। তাঁর অদম্য সাহস এবং নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলেই মনে করছেন অনেকে।

তবে ব্যক্তিগত জীবনে শেষ কয়েক মাস কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে তাঁর বাবার মৃত্যু হয়। বাবার পারলৌকিক কাজের জন্য গত ২৫ মার্চ লাদাখে ফিরেছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েন। বেশ কিছুদিন ধরেই বুকে ব্যথার অভিযোগ করছিলেন তিনি।

এই বীর সেনানায়কের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, দেশের সেবা এবং জাতীয় সংহতি রক্ষায় কর্নেল ওয়াংচুকের অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এবং তাঁর আত্মত্যাগ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

লাদাখের পাহাড়ে আজ নিস্তব্ধতা, তবে ‘লাদাখের সিংহ’-এর বীরত্বগাথা যুগ যুগ ধরে বেঁচে থাকবে দেশবাসীর মনে।


Exit mobile version