Site icon Hindustan News Point

Monalisa Bhosle: মোনালিসা নাবালিকা, মুসলিম পাত্রকে বিয়ে করায় থানায় অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদের

Monalisa Bhosle

প্রয়াগরাজের কুম্ভ মেলায় ভাইরাল হওয়ার পর দেশজুড়ে পরিচিতি পাওয়া ১৮ বছরের তরুণী মোনালিসা ভোঁসলে (Monalisa Bhosle) সম্প্রতি আলোচনায়। নিজের প্রেমিক অভিনেতা ফারমান খানের সঙ্গে বিয়ে করেছেন তিনি। কেরালার পুভারের কাছে, অরুমানুরের নয়নার মন্দিরে হিন্দু রীতিনীতি মেনে তাঁদের বিবাহ সম্পন্ন হয়েছে। আর এই বিয়ের পর থেকে দু’জনকে সমস্যা তৈরি হয়েছে। এবার আরও জোরালো হলো এই বিতর্ক। বিশ্ব হিন্দু পরিষদের কেরালার একটি ইউনিট বৃহস্পতিবার রাজ্য পুলিশ প্রধান এবং পুভার থানায় অভিযোগ দায়ের করে। সেখানে মোনালিসা ভোঁসলের বিয়েতে যারা অংশ নিয়েছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

বিশ্ব হিন্দু পরিষদের কেরালা রাজ্যের সাধারণ সম্পাদক অনিল ভিলাইল কেরালা পুলিশের ডিজিপি এবং পুভারের এসএইচও-এর কাছে একটি অভিযোগ জমা করেন, যেটা বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনের অন্তর্ভুক্ত। বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ, মোনালিসা ভোঁসলে (Monalisa Bhosle) এবং মহম্মদ ফরমান খানের বিবাহ অবৈধ। তাদের দাবি, মোনালিসার বয়স ১৮ বছরের কম। যে মন্দিরটিতে তারা বিয়ে করেছেন, সেই মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যদিও এই অভিযোগ অস্বীকার করে মোনালিসা বলেছেন, তাঁরা মন্দির কর্তৃপক্ষকে জন্মের শংসাপত্র দেখান। তাতে তাঁর জন্ম ২০০৮ সালে ১ জানুয়ারি লেখা।

বিয়ের আগে বুধবার মোনালিসা কেরালার তিরুবনন্তপুরমে পুলিশের কাছে গিয়ে নিজের প্রেমিকের সঙ্গে থাকার এবং তাঁকে বিয়ে করার জন্য সুরক্ষার দাবি জানান। এরপর বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট করে জানান, এই বিয়েকে ঘিরে যে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ উঠছে, তার কোনও ভিত্তি নেই। কারণ তিনি ধর্ম পরিবর্তন করেননি।

মোনালিসা কপালে সিঁদুর পরে সাংবাদিকদের বলেন, “আমরা হিন্দু রীতি মেনেই বিয়ে করেছি। ফরমান প্রথমে বিয়ে করতে চাইছিল না, কিন্তু আমি-ই তাকে জোর করে রাজি করিয়েছি। আমি তাকে ভালোবাসি, তাই এই সিদ্ধান্ত নিয়েছি।”

তিরুবনন্তপুরমের থাম্পানুর থানায় গিয়ে মোনালিসা অভিযোগ করেন যে তার পরিবার, বিশেষ করে তার বাবা, তাকে জোর করে নিজের শহরে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন। পুলিশ সূত্রে জানা যায়, একটি ছবির শুটিংয়ের কাজেই তিনি কেরালায় এসেছিলেন।

এই প্রসঙ্গে মোনালিসা বলেন, “আমার বাবা-মা চেয়েছিলেন আমি অন্য একজনকে বিয়ে করি। কিন্তু আমি সেই ছেলেটিকে পছন্দ করিনি। সে আমার পিসির ছেলে। আমি আমার তুতো ভাইকে বিয়ে করতে পারি না।”


Exit mobile version