পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে আটকে থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিমান পরিষেবা। পশ্চিম এশিয়ার দেশগুলিতে আটকে থাকা বিপুল সংখ্যক ভারতীয় এ বার দেশে ফিরলেন। সোমবার গভীর রাতে দুবাই থেকে এমিরেটসের একটি বিমান মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। সেই উড়ানে ফেরেন আটকে থাকা যাত্রীদের একাংশ। (Flight Resumes Amid Middle East Crisis)
গত কয়েক দিনে একাধিক আন্তর্জাতিক উড়ান বাতিল হওয়ায় মুম্বই-সহ বিভিন্ন শহরের আটকে থাকা যাত্রীরা চরম অনিশ্চয়তার মুখে পড়েন। বিমান পরিষেবা আংশিকভাবে চালু হওয়ায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলছে। (Flight Resumes Amid Middle East Crisis)
দুবাইয়ে আটকে পড়া এক যাত্রী (অজয়) জানান, তাঁর দুবাই থেকে আমেরিকা যাওয়ার কথা ছিল। উড়ান না ছাড়ায় প্রথমে তিনি যান্ত্রিক সমস্যার আশঙ্কা করেন। পরে বিমান সংস্থার তরফে জানানো হয়, যুদ্ধ পরিস্থিতির কারণে উড়ান স্থগিত রাখা হয়েছে। তাঁর কথায়, যাত্রীদের জন্য বাস ও হোটেলে থাকার ব্যবস্থা করা হয় সংস্থার তরফে। পরে মুম্বইগামী উড়ান চালু হওয়ার খবর পেয়ে তিনি দেশে ফেরেন। পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে বলেও জানান তিনি। (Flight Resumes Amid Middle East Crisis)
দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২ মার্চ সন্ধে থেকে ধাপে ধাপে সীমিত সংখ্যক আন্তর্জাতিক উড়ান চালু হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিছু উড়ান পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। সেই সূত্রেই মুম্বই-সহ গুরুত্বপূর্ণ গন্তব্যগুলিতে সংযোগ পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। (Flight Resumes Amid Middle East Crisis)
এদিকে, একই রাতে আবু ধাবি থেকেও একটি উড়ান বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয়। উড়ানটি ছিল এতিহাদ এয়ারওয়েজের। যাত্রীদের দাবি, উড়ান বাতিলের পর সংস্থা তাঁদের থাকার ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেছিল। সোমবার রাতেই দুবাই থেকে বেঙ্গালুরুগামী আরও একটি উড়ান রওনা দেয়। (Flight Resumes Amid Middle East Crisis)
২৮ ফেব্রুয়ারি ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালে একাধিক দেশের আকাশপথে বিধিনিষেধ জারি হয়। ফলে আন্তর্জাতিক রুট স্থগিত হয়ে যায় এবং সৌদি আরব দুবাই সহ বিভিন্ন মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়ার দেশগুলিতে বহু ভারতীয় যাত্রী আটকে পড়েন। (Flight Resumes Amid Middle East Crisis)
পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হলেও ধীরে ধীরে বিমান পরিষেবা চালু হওয়ায় স্বস্তির সুর শোনা যাচ্ছে। আগামী কয়েক দিনে আরও উড়ান চালু হতে পারে বলে আশা করা হচ্ছে। যাত্রী ও তাঁদের পরিবারের প্রত্যাশা, শীঘ্রই বিমান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হবে। (Flight Resumes Amid Middle East Crisis)

