Site icon Hindustan News Point

Murshidaabad News: ওড়িশায় নিখোঁজ মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার

InShot 20260113 154136963

ওড়িশায় কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক। নিখোঁজ যুবকের নাম মোশারফ শেখ ওরফে মিঠুন। নিখোঁজের পরিবার সূত্রে খবর গত ১৫ দিন ধরে তাঁর কোনও খোঁজ না মেলায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা। (Murshidaabad News)

সম্প্রতি ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর হামলার অভিযোগ বাড়ছে। বাংলায় কথা বলার জন্য তাঁদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, সম্প্রতি ওড়িশা সহ ভারতের বিভিন্ন রাজ্যে এ ধরনের ঘটনা ঘটার অভিযোগ লক্ষ্য করার মত। এর মধ্যেই ওড়িশার সম্বলপুরের শান্তিনগরে বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের সুতি থানার চক বাহাদুরপুর গ্রামের বাসিন্দা জুয়েল রানাকে পিটিয়ে খুনের ঘটনা আতঙ্ক আরও বাড়িয়েছে, সেই আতঙ্কই আরো উৎকণ্ঠা বাড়াচ্ছে মোশারফ শেখের পরিবারের। (Murshidaabad News)

পরিবার সূত্রে দাবি, জুয়েল রানার খুনের ঘটনার পর আতঙ্কিত হয়ে ওড়িশা ছেড়ে বাড়ি ফেরার চেষ্টা করেছিলেন মোশারফ। সম্বলপুরের কুসুমতলা এলাকা থেকে রওনা দেওয়ার সময় শেষবার স্ত্রীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়। তারপর একাধিকবার মোশারেফের সঙ্গে ফোন মারফত যোগাযোগ করতে চাইলেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছে পরিবার এবং এরপর থেকেই তিনি নিখোঁজ বলে দাবি পরিবারের। (Murshidaabad News)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচ সন্তানের বাবা মোশারফ গত কয়েক বছর ধরে ওড়িশার বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। স্বামীর ছবি হাতে নিয়ে প্রশাসনের দফতরে দফতরে ঘুরছেন পরিবারের সদস্যরা। মোশারফের স্ত্রী শামনুর বিবির আর্জি, দ্রুত তাঁর স্বামীকে খুঁজে বার করুক প্রশাসন। (Murshidaabad News)

Exit mobile version