Site icon Hindustan News Point

কাশ্মীরের বাজারে মিলছে না মটন, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা

Mutton Crisis in Kashmir

কাশ্মীর উপত্যকায় এখন খাসির মাংসের বাজার কার্যত অচল। পাইকারি মটন ব্যবসায়ীদের ধর্মঘটের জেরে বাজার থেকে প্রায় উধাও হয়ে গিয়েছে মাংস। ব্যবসায়ীদের অভিযোগ, পাঞ্জাবের বিভিন্ন জাতীয় সড়কে পশুবাহী গাড়ি আটকে বেআইনিভাবে টাকা আদায় করা হচ্ছে। সেটার বিরোধিতা করে ধর্মঘট ডাকেন মটন ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে সরাসরি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে চিঠি লিখলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

গত ২৩ জুন লেখা ওই চিঠিতে ওমর আবদুল্লা জানান, অল কাশ্মীর হোলসেল মটন ডিলার্স ইউনিয়ন তাঁর কাছে অভিযোগ করেছে যে, জম্মু ও কাশ্মীরের পশু ব্যবসায়ী ও পরিবহণকারীরা পাঞ্জাবের উপর দিয়ে যাওয়ার সময় গুরুতর সমস্যার মুখে পড়ছেন। অভিযোগ, জম্মু ও কাশ্মীরগামী পশুবাহী ট্রাকগুলিকে পথে থামিয়ে চলছে অবৈধ টাকা আদায়। সব ধরনের বৈধ নথি ও অনুমতি থাকা সত্ত্বে পরিবহণকারীদের কাছ থেকে অবৈধ ফি আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। (Mutton Crisis in Kashmir)

চিঠিতে ওমর আবদুল্লা উল্লেখ করেন, এই ধরনের বাধার কারণে অযথা দেরি হচ্ছে, পরিবহণকারীদের আর্থিক ক্ষতি হচ্ছে এবং ব্যবসায়ীদের দুর্ভোগ বাড়ছে। তিনি আরও বলেন, জম্মু ও কাশ্মীরের খাদ্য, নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক দফতরের একটি অভ্যন্তরীণ কমিটিও বিষয়টি খতিয়ে দেখেছে। সেই কমিটির পর্যবেক্ষণে উঠে এসেছে, পথে চলাচলের সময় প্রতিটি গাড়ি থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ দিতে বাধ্য করা হচ্ছে, যা আইন সম্মত নয়।

কমিটি আরও জানিয়েছে, জীবন্ত পশু পরিবহণের ক্ষেত্রে GST প্রযোজ্য নয়। তা সত্ত্বেও এই ধরনের অর্থ আদায়ের ফলে পশু ব্যবসায় অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে জম্মু ও কাশ্মীরে খাসির মাংসের দামের উপর, যার বোঝা শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। (Mutton Crisis in Kashmir)

ভাঙা রাস্তা, স্বাস্থ্য পরিষেবাও বেহাল, বারুইপুরে বামেদের বিক্ষোভ

এই পরিস্থিতিতে পাঞ্জাব সরকারের হস্তক্ষেপ চেয়ে ওমর আবদুল্লা ভগবন্ত মানকে অনুরোধ করেছেন, তিনি যাতে বিষয়টি দ্রুত খতিয়ে দেখে পাঞ্জাব দিয়ে পশুবাহী গাড়িগুলি যাতে নির্বিঘ্নে, নিরাপদভাবে যাতায়াত করতে পারে সে ব্যবস্থা করেন। পাশাপাশি তিনি আবেদন করেছেন, বৈধ নথিপত্র থাকা পরিবহণকারীদের কাছ থেকে যেন কোনও ধরনের অবৈধ বেআইনি অর্থ আদায় না হয়, তাও নিশ্চিত করতে হবে। ওমর আবদুল্লা আরও বলেন, পাঞ্জাব এবং জম্মু – কাশ্মীরের মধ্যে বহুদিনের বন্ধুত্ব, সহযোগিতা এবং অর্থনৈতিক নির্ভরতার সম্পর্ক রয়েছে। যদি সত্যিই এ ধরনের ঘটনা ঘটে থাকে, তবে তা দুই রাজ্যের পারস্পরিক সম্পর্কেও ফাটল সৃষ্টি করতে পারে। (Mutton Crisis in Kashmir)

এদিকে, মাংস ব্যবসায়ীদের ধর্মঘট অব্যাহত থাকায় কাশ্মীর উপত্যকার বিভিন্ন বাজারে এখনও খাসির মাংসের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাই দ্রুত এই সমস্যার সমাধান করে পশুবাহী গাড়ির জন্য একটি নিরাপদ ও বাধাহীন করিডর নিশ্চিত করার পাশাপাশি পরিবহণকারীদের হয়রানি বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী।


Exit mobile version