Site icon Hindustan News Point

Narendra Modi Football: ভোটের উত্তাপের মাঝে গ্যাংটকে ‘ফুটবল মুডে’ মোদী, যোগ দিলেন সিকিমের ৫০তম প্রতিষ্ঠা দিবসে

Narendra Modi Football

বঙ্গে ভোট প্রচার শেষ, আগামিকাল দ্বিতীয় দফার নির্বাচন। এই আবহেই ভিন্ন মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিকিম সফরে গিয়ে গ্যাংটকে শিশুদের সঙ্গে ফুটবল খেলতে দেখা যায় তাঁকে। এরই পর তিনি যোগ দেন সিকিমের ৫০তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেও।

বঙ্গে ভোট প্রচার থেকে গঙ্গা ভ্রমণ একাধিক কর্মসূচি সেরে এবার খানিক হালকা মেজাজে মোদী। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে সিকিমের শিশুদের সঙ্গে ফুটবল খেলার মুহূর্তের ছবিই পোস্ট করে তিনি লেখেন, “সিকিমের গ্যাংটকের এক সুন্দর সকালে তরুণ বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার মতো আনন্দ আর কিছুতে নেই।” (Narendra Modi Football)

আপাতদৃষ্টিতে এই ফুটবল খেলার ঘটনাটি মোদীর সিকিম সফরের একটি অংশ হিসেবে দেখা হলেও রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন আসলে প্রচারপর্ব শেষেই এখন সরাসরি ভোট নিয়ে কিছু বলতে না পারায় ফুটবলকে হাতিয়ার করেই বাঙালির আবেগের সঙ্গে জুড়তে চাইছেন প্রধানমন্ত্রী নিজে। বাঙালির কাছে ফুটবল যে শুধুমাত্র একটি খেলা নয় তা জানতে তো আর মোদীর বাকি নেই, তাই বঙ্গে ভোটের আগে ফের একবার ফুটবলের পা ছুঁইয়ে এই রাজ্যের মানুষের উদ্দেশে পরোক্ষে বার্তা দিলেন তিনি।

উল্লেখ্য, খেলা শেষে এদিন সিকিমের ৫০তম রাজ্য প্রতিষ্ঠা দিবসের সমাপনী অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রায় ৪,০০০ কোটিরও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পগুলি মূলত পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ, পরিবেশ ও পর্যটন ক্ষেত্রকে ঘিরে, যার লক্ষ্য সিকিমে সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করা। (Narendra Modi Football)

West Bengal Election: ফুল নয়, ৪ মে বাংলায় ফিরবে বামেরাই, আশাবাদী সুজন

স্বাস্থ্যক্ষেত্রে নতুন আয়ুর্বেদ হাসপাতাল ও সোয়া রিগ্পা হাসপাতাল, শিক্ষা ক্ষেত্রে সিকিম বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস-সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন, যোগাযোগ ব্যবস্থায় তিস্তা নদীর ওপর নতুন সেতুর ভিত্তিপ্রস্তর, বিদ্যুৎ ও নগরোন্নয়নে নানা প্রকল্প সব মিলিয়ে এই সফরকে উন্নয়নের বড় বার্তা হিসেবেই দেখা হচ্ছে। পাশাপাশি কৃষি ও পর্যটন ক্ষেত্রেও একাধিক উদ্যোগের ঘোষণা করা হয়েছে।

সব মিলিয়ে, ভোটের আবহের মধ্যেও সিকিমে একদিকে উন্নয়নের বার্তা, অন্যদিকে শিশুদের সঙ্গে ফুটবল খেলে ফুরফুরে মেজাজে ধরা দিলেন মোদী। (Narendra Modi Football)


Exit mobile version