NEET-UG ২০২৬ প্রশ্নফাঁস মামলায় চাঞ্চল্যকর দাবি করল তদন্তকারী সংস্থা CBI. তদন্তকারী সংস্থা দাবি, লাতুরের এক কোচিং সেন্টারের মালিক পরীক্ষার ১০ দিন আগে ৫ লক্ষ টাকা দিয়ে রসায়নের প্রশ্ন সংগ্রহ করেছিলেন। তাঁর মোবাইল থেকে উদ্ধার হওয়া হাতে লেখা প্রশ্নের বড় অংশই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র মূল প্রশ্নপত্রের সঙ্গে মিলে গিয়েছে বলে দাবি CBI- এর।
NEET-UG ২০২৬ প্রশ্নফাঁস তদন্তে নতুন মোড়। বিশেষ আদালতে দাখিল করা রিপোর্টে CBI জানিয়েছে, মহারাষ্ট্রের লাতুরের কোচিং সেন্টার মালিক শিবরাজ রঘুনাথ মোতেগাঁওকর (Shivraj Raghunath Motegaonkar) পরীক্ষার আগে রসায়নের প্রশ্নপত্র সংগ্রহ করতে সহ-অভিযুক্ত এবং NTA-র প্রশ্নপ্রণয়ন প্যানেলের সদস্য পি ভি কুলকার্নিকে (P V Kulkarni) ৫ লক্ষ টাকা দেন।
CBI-এর দাবি, মোতেগাঁওকরের ছেলে কুলকার্নির কোচিং ক্লাসে পড়তেন এবং সেখান থেকেই প্রশ্নগুলি সরবরাহ করা হয়। সেই প্রশ্ন থেকে মোতেগাঁওকর নিজেই হাতে নোট তৈরি করেছিলেন।
তদন্তে মোতেগাঁওকরের মোবাইল ফোন থেকে ৩৬টি ছবি (এর মধ্যে ৫টি ডুপ্লিকেট) উদ্ধার হয়েছে। ওই ছবিগুলিতে মোট ১৩২টি হাতে লেখা রসায়নের প্রশ্ন ছিল। তার মধ্যে ১১১ টি প্রশ্ন NTA-র NEET-UG ২০২৬-এর মাস্টার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছে বলে আদালতে দাবি করেছে CBI।
এছাড়াও মেটাডেটা বিশ্লেষণে জানা গিয়েছে, ওই ছবিগুলি (NEET-UG) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ১০ দিন আগে, অর্থাৎ ৩ মে-র পরীক্ষার আগেই তোলা হয়েছিল। CBI আরও জানিয়েছে, প্রশ্ন সংগ্রহের জন্য দেওয়া ৫ লক্ষ টাকার অর্থ সহ-অভিযুক্ত মনোজ ভগবানরাও শিরুরের দেখানো জায়গা থেকে উদ্ধার করা হয়েছে।
বর্তমানে এই মামলায় মোট ১৩ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং সকলেই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। উল্লেখ্য, প্রশ্নফাঁসের অভিযোগের জেরে ৩ মে অনুষ্ঠিত NEET-UG ২০২৬ পরীক্ষা ১২ মে বাতিল করে NTA। পরে ২১ জুন পুনরায় পরীক্ষা নেওয়া হয়। তদন্ত এখনও চলছে।
রাম মন্দির অনুদান চুরি: SIT রিপোর্টে চম্পত রাইয়ের গাফিলতির অভিযোগ

