সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার (নিট) (neet ug 2026) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পর্যবেক্ষণ ব্যবস্থা এবং তদারকি কমিটি থাকা সত্ত্বেও কী ভাবে এই ধরনের ‘ভুল’ হল, প্রশ্ন তোলে দেশের শীর্ষ আদালত। এবার নিট-ইউজি পরীক্ষায় কম্পিউটার-ভিত্তিক পরীক্ষার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। পরীক্ষা হবে কাগজ-কলমেই। জুলাই পর্যন্ত মামলাটি মুলতবি রাখল সুপ্রিম কোর্ট।
২১ জুন ফের পরীক্ষা হওয়ার কথা। তার আগে সোমবার সুপ্রিম কোর্টে কাগজ-কলমের পরিবর্তে কম্পিউটার-ভিত্তিক (CBT) পদ্ধতিতে পরীক্ষা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল। আর এই আবেদনই খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত।
পরীক্ষার পদ্ধতি সংক্রান্ত বেশকিছু সংস্কার চেয়ে সুপ্রিমকোর্টে একটি মামলা করেছিলেন, রাজ্যসভার সাংসদ সুধাকর সিং। তবে, সোমবারের শুনানির সময় আবেদনকারীর আইনজীবী আদালতকে জানান, তিনি কেবল একটি অনুরোধই করছেন,তা হলো নিট পরীক্ষাটি যেন সিবিটি (CBT) পদ্ধতিতে নেওয়া হয়।
লাইভ ল-এর প্রতিবেদন অনুযায়ী, বিচারপতি নরসিমা অবশ্য উল্লেখ করেছেন যে সুপ্রিম কোর্ট অতীতেও এই ধরনের আবেদন খারিজ করে দিয়েছে। আইনজীবী যুক্তি, ২১ জুনের পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গেছে।
বিচারপতি নরসিংহের মন্তব্য, “আপনারা জানেন আমরা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। পরীক্ষাটি বাতিল করা হয়েছিল, সেটি পুনরায় নেওয়া হচ্ছে,” জুলাই পর্যন্ত এই মামলাটি মুলতবি করা হল। জুলাই পর্যন্ত বিষয়টি মুলতবি করার পর তাঁরা বলেন, “ছুটির পর আমরা এই বিষয় নিয়ে বিবেচনা করব।”

