টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ শেষ হওয়ার পর স্টেডিয়ামের গ্যালারিতে দেখা গেল এক অন্য রকম দৃশ্য। ৮ ফেব্রুয়ারি, রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপাল বনাম ইংল্যান্ড ম্যাচের পর যখন দর্শকেরা ধীরে ধীরে মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, তখন এক নেপালি সমর্থক দাঁড়িয়ে পড়েন গ্যালারিতেই। কিন্তু তিনি কারও সঙ্গে ছবি তুলতে বা উদ্যাপন করতে থামেননি। বরং স্ট্যান্ডে ছড়িয়ে থাকা আবর্জনা পরিষ্কার করতে শুরু করেন নিজে। (wankhede)
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, ওই সমর্থক গ্যালারি জুড়ে ছড়িয়ে থাকা খালি কাপ, খাবারের মোড়ক এবং নানা ধরনের জঞ্জাল এক এক করে তুলে সংগ্রহ করছেন। তাঁর এই কাজ দেখে অনেকেই বলেছেন, এতে স্টেডিয়ামের সাফাইকর্মীদের কাজ অনেকটাই কমে গেল। কোনও নির্দেশ ছাড়াই নিজের দায়িত্ববোধ থেকে এমন কাজ করায় প্রশংসায় ভরে উঠেছে সমাজমাধ্যম। (wankhede)
ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই একের পর এক মন্তব্য আসতে থাকে। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, “এই নেপালি সমর্থক আমাদের শিক্ষা দিলেন।” আর একজন লিখেছেন, “এটা ২০২২ সালের কাতার বিশ্বকাপে জাপানি সমর্থকদের স্টেডিয়াম পরিষ্কার করার কথা মনে করিয়ে দিল।” আরও অনেকে মন্তব্য করেছেন, “যাঁরা আবর্জনা ফেলে চলে যান, তাঁদের এই দৃশ্য দেখে শেখা উচিত।” (wankhede)
এদিকে মাঠে লড়াইও ছিল টানটান। ইংল্যান্ডের কাছে মাত্র চার রানে হেরে যায় নেপাল। এই হারের ফলে বিশ্বকাপে নেপালের জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হল। তবে ম্যাচের ফলের থেকেও বেশি আলোচনায় উঠে এসেছে গ্যালারির সেই নেপালি সমর্থকের কাজ। হারলেও, আচরণে তিনি অনেকের কাছে সত্যিকারের উদাহরণ হয়ে উঠেছেন। (wankhede)

