প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে নামকরণ হতে চলেছে উত্তরপ্রদেশের নয়ডা-জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর। শুক্রবার এই সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা। মোদির জনসেবার ২৫ বছর পূর্তিকে সামনে রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। নতুন নাম হতে চলেছে ‘নরেন্দ্র মোদি আন্তর্জাতিক বিমানবন্দর, নয়ডা-জেওয়ার’।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন যোগী আদিত্যনাথ। সেই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের দুই উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক-সহ শরিক দলের নেতারা। যোগী জানান, দেশসেবায় নরেন্দ্র মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে এই নামকরণের প্রস্তাব আনা হয়েছে। উত্তরপ্রদেশ মন্ত্রিসভার তরফে প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানানো হয়েছে।
Noida Airport Renamed: উত্তরপ্রদেশের উন্নয়নে জোর যোগীর
যোগী আদিত্যনাথের বক্তব্য, উত্তরপ্রদেশের মাটি থেকেই প্রধানমন্ত্রী মোদি দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর নেতৃত্বে রাজ্যের পরিকাঠামো উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে। জেওয়ারে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হওয়াও সেই উন্নয়নের অন্যতম উদাহরণ। এই প্রকল্প আগামী দিনে উত্তরপ্রদেশের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছে রাজ্য সরকার।
পাকিস্তানকে ভাঙতে চান সেনাপ্রধান আসিম মুনির, ক্ষমতা বাড়ানোর কৌশল? নাকি অন্য কারণ?
কী কী সুবিধা থাকবে বিমানবন্দরে?
চলতি বছরের ২৮ মার্চ জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চারটি পর্যায়ে বিমানবন্দরটির নির্মাণকাজ সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। প্রথম পর্যায়ে প্রায় ৩,৩০০ একর জমির উপর তৈরি হয়েছে একটি টার্মিনাল ও রানওয়ে। এই পর্যায়ে বছরে প্রায় ১ কোটি ২০ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন বলে জানা গিয়েছে।
পুরো প্রকল্পের কাজ শেষ হলে জেওয়ার বিমানবন্দর এশিয়ার বৃহত্তম বিমানবন্দরগুলির অন্যতম হয়ে উঠতে পারে। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ বিমান পরিবহণ কেন্দ্র হিসেবেও এর গুরুত্ব বাড়বে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে, বিমানবন্দরের নাম পরিবর্তনের প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদনের পর এবার পরবর্তী সরকারি প্রক্রিয়ার দিকেই নজর সকলের। (Noida Airport Renamed)











