‘নিট’ প্রশ্ন ফাঁসের আশঙ্কা। কড়া বার্তা কেন্দ্রের। ভারত সরকারের নির্দেশে সাময়িকভাবে ব্লক করা হয় জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম (Telegram) (telegram ban)। এবার কেন্দ্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলো মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম। তাদের যুক্তি, এই নিষেধাজ্ঞার জেরে লক্ষ লক্ষ বৈধ ব্যবহারকারীর উপর প্রভাব পড়ছে, আজই শুনানি।
এনটিএ-র সুপারিশ মেনেই কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) আগামী ২২ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামের ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু তাই নয়, আগামী ৩০ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামের ‘মেসেজ এডিটিং’ ফিচারটিও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্ল্যাটফর্মটিকে (telegram ban)।
এনটিএ-র ডিরেক্টর অভিষেক সিংহের কথায়, ‘‘পরীক্ষাটি যাতে সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করার জন্যই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আমরা এ বার কোনও ভুল হতে দেব না।’’
নিট-এর মতো পরীক্ষার আয়োজন করতে সময় লাগে পাঁচ থেকে ছ’মাস। কিন্তু প্রশ্নফাঁস কেলেঙ্কারির জেরে এক মাসের মধ্যে নতুন করে পরীক্ষার ব্যবস্থা করতে হয়েছে এনটিএকে। তাই এবার যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়,সেইজন্য সতর্ক ও বিশেষ নজর রাখা হচ্ছে।
২০২৪ সালে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে লে বর্গেট বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল টেলিগ্রাম-কর্তা পাভেল দুরভকে। পরে ফ্রান্সের আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। ভারতে এই অ্যাপটির ৫০ লক্ষেরও বেশি গ্রাহক রয়েছে। কেন্দ্রের সিদ্ধান্তে মঙ্গলবারই সরব হন তিনি। ক্ষোভপ্রকাশ করে বলেন, ‘‘সরকার আমাদের অ্যাপ ব্যবহারকারী ১৫ কোটি ভারতবাসীকে শাস্তি দিয়েছে।’’

