Site icon Hindustan News Point

Pakistan Airspace Closed: বাড়ল মেয়াদ, আর এক মাস ভারতের জন্য বন্ধ পাকিস্তানের আকাশ

Pakistan Airspace Closed

ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্তে আরও এক ধাপ এগোল পাকিস্তান (Pakistan Airspace Closed)। মঙ্গলবার ইসলামাবাদ ঘোষণা করেছে, ভারতের জন্য জারি থাকা নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়ে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত করা হচ্ছে। ফলে আগামী এক মাসও পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না কোনও ভারতীয় বিমান।

গত বছর পহেলগামে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়ায়। সেই সময় থেকেই দুই দেশ পরস্পরের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। পাকিস্তানের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিষেধাজ্ঞা ২৩ জানুয়ারি পর্যন্ত বহাল থাকার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই নতুন করে নোটাম (NOTAM) জারি করে নিষেধাজ্ঞা বাড়ানোর ঘোষণা করল পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি।

নতুন নির্দেশিকা অনুযায়ী, এই নিষেধাজ্ঞা শুধু বাণিজ্যিক যাত্রীবাহী বিমানের ক্ষেত্রে নয়, বরং ভারতের যুদ্ধবিমান, ভারতে নিবন্ধিত বিমান এবং ভারতীয় বিমান সংস্থার মালিকানাধীন, পরিচালিত বা লিজ নেওয়া সব ধরনের বিমানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এমনকি সামরিক উড়ানও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

পাকিস্তানের আকাশসীমা মূলত দু’টি ফ্লাইট ইনফরমেশন রিজিয়নে বিভক্ত— করাচি ও লাহোর। নোটামে স্পষ্ট করা হয়েছে, এই নিষেধাজ্ঞা দু’টি অঞ্চলের ক্ষেত্রেই কার্যকর হবে।

এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক রুটে চলা একাধিক ভারতীয় বিমানের উপর। ইউরোপ, মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়াগামী অনেক উড়ানকে এখন দীর্ঘ ঘুরপথে যেতে হচ্ছে, যার ফলে বাড়ছে জ্বালানি খরচ ও যাত্রার সময়।

বিশেষজ্ঞদের মতে, কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই আকাশসীমা নিষেধাজ্ঞা শিথিল হওয়ার সম্ভাবনা কম। আপাতত আকাশপথেও যে ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ গলছে না, এই সিদ্ধান্তই তার স্পষ্ট প্রমাণ।

Exit mobile version