বড় সাফল্য পেল উত্তরাখণ্ড স্পেশাল টাস্ক ফোর্স ও দেরাদুন পুলিশ। উত্তরাখণ্ডের দেরাদুনে একটি সন্ত্রাস বিরোধী অভিযানে যৌথভাবে গ্রেফতার করল এক যুবককে (Pakistani Spy)। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন প্রহর’। যার অংশ হিসেবে ৯ ও ১০ এপ্রিল মাঝরাতে অভিযান চালায় যৌথ বাহিনী। আর এই অভিযানে গ্রেফতার হন ২৯ বছর বয়সি বিক্রান্ত কাশ্যপ। তিনি দেহরাদুনের প্রেমনগর এলাকার ঝাজরা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, বিক্রান্ত কাশ্যপ পাকিস্তানের সন্ত্রাসী ও আইএসআই এজেন্ট শাহজাদ ভাট্টি এবং তার সহযোগী রানার সঙ্গে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখতেন। তাঁদের নির্দেশে তিনি দেহরাদুনের গুরুত্বপূর্ণ সরকারি ভবন, পুলিশ স্টেশন, প্রতিরক্ষা স্থাপনা ও অন্যান্য সংবেদনশীল স্থানের ছবি, ভিডিয়ো ও লোকেশন শেয়ার করতেন। এসব তথ্য পাঠিয়ে সম্ভাব্য হামলার পরিকল্পনায় সাহায্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
পুরুষদের ছাপিয়ে এগিয়ে মহিলারা, বিধানসভা নির্বাচনে রেকর্ড কেরল, অসম ও পুদুচেরিতে
উত্তরাখণ্ড এসটিএফের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ অজয় সিং জানান, অভিযুক্ত পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে দেশের নিরাপত্তা-সংক্রান্ত গোপন তথ্য পাচার করছিলেন। তাঁর এই কার্যকলাপ দেশবিরোধী ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
গ্রেফতারের পর বিক্রান্ত কাশ্যপকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। জেরা করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ যাতে এই চক্রের অন্যান্য সদস্যদের চিহ্নিত করা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দেশের সুরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক রয়েছে যাতে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিদেশি শক্তি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নষ্ট করতে না পারে।

