Site icon Hindustan News Point

Pole Vaulter India: পোলে বিপদ? ভারতীয় পোলভোল্ট খেলোয়াড়কে ট্রেনে উঠতে দিলেন না TTE, শুরু বিতর্ক

pole vaulter india

পদক জেতা কি অপরাধ? জাতীয় রেকর্ডধারী হয়েও কি ভারতীয় খেলোয়াড়কে ট্রেন থেকে নামিয়ে দেওয়া যায়—শুধু এক জন টিকিট পরীক্ষকের খামখেয়ালিতে? মুম্বইয়ের পানভেল স্টেশনে ঘটে যাওয়া ঘটনায় এই প্রশ্নই এখন গর্জে উঠছে।

অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপে খেলে ফেরার পথে জাতীয় পোলভোল্টার দেব মিনা ও দেশের অন্যতম সেরা খেলোয়াড় কুলদীপ যাদবকে ট্রেনে উঠতে বাধা দেয় রেলের এক TTE। কারণ একটাই, খেলার সরঞ্জাম, অর্থাৎ পোলভোল্টের পোল সঙ্গে ছিল। অভিযোগ, কোনও নিয়ম দেখাতে না পারলেও ওই TTE তাঁদের জোর করে ট্রেন থেকে নামিয়ে দেন। ফল? প্রায় পাঁচ ঘণ্টা পানভেল স্টেশনে আটকে থাকতে হয় দুই অ্যাথলিটকে।

ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছেন ক্রীড়াপ্রেমীরা। দেব মিনা সরাসরি প্রশ্ন তুলেছেন—যদি আন্তর্জাতিক স্তরের এক অ্যাথলিটের সঙ্গে এমন ব্যবহার হয়, তবে জুনিয়র খেলোয়াড়দের কী অবস্থা হয়? খেলোয়াড়দের দাবি, বারবার বোঝানো হয়েছিল পোলটি তাঁদের খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু রেল কর্তৃপক্ষ কার্যত কর্ণপাতই করেনি।

এটাই কি ভারতের ক্রীড়াবান্ধব পরিবেশ? এক দিকে দেশ পদক চায়, অন্য দিকে পদক জেতা খেলোয়াড়দের অপমান করে।

উল্লেখযোগ্যভাবে, দেব মিনা ভারতের বর্তমান পোলভোল্টের মুখ। ২০২৫ সালের ন্যাশনাল ফেডারেশন সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৫.৩৫ মিটার লাফ দিয়ে নিজেই নিজের জাতীয় রেকর্ড ভেঙেছিলেন তিনি। মাত্র ১৯ বছর বয়সে দেশের সেরা হওয়া এই অ্যাথলিটকে যদি রেলের মেঝেতে দাঁড়িয়ে অপমান সহ্য করতে হয়, তবে ‘খেলোয়াড় সম্মান’ কথাটার মানে কী?

বিশ্ব মঞ্চে ভারত এখনও পোলভোল্টে অনেক পিছিয়ে সেখানে এশিয়ান রেকর্ড ৬ মিটার, বিশ্বরেকর্ড ৬.২৭ মিটার। এই ফাঁক কমাতে হলে দেব মিনাদের মতো প্রতিভাদের দরকার। আর সেই প্রতিভাদের পথে বাধা হয়ে দাঁড়ালে, ক্ষতি খেলোয়াড়ের নয়—ক্ষতি দেশের।

এখন প্রশ্ন একটাই—রেল মন্ত্রক কি জবাব দেবে, না কি এই অপমানও চাপা পড়ে যাবে আরেকটা ভাইরাল ভিডিয়োর ভিড়ে?

Exit mobile version