পাকিস্তানের ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করে দিলেন ভারতীয় সেনা জওয়ানরা (Poonch Drone Attack)। রবিবার ভোর ছ’টা নাগাদ জম্মু-কাশ্মীরের পুঞ্চ এলাকায় নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ঢুকে পড়েছিল পাকিস্তানের একটি ড্রোন। সন্দেহজনক ড্রোনটি নজরে আসতেই সেনাবাহিনীর জওয়ানরা তৎপর হয়ে ওঠেন ড্রোনটিকে গুলি করে নামিয়ে আনার। কিন্তু জওয়ানরা গুলি ছুঁড়তেই ড্রোনটি পাকিস্তানের দিকে পালিয়ে যায়।
ভারতীয় সেনা সূত্রে খবর, রবিবার সকাল ৬টা ১০ মিনিট নাগাদ একটি ড্রোনকে পুঞ্চের ডিগওয়ার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। বেশ কয়েক মিনিট ড্রোনটি চক্কর কাটে। সেটিকে লক্ষ্য করে গুলি চালাতেই পাক অধিকৃত কাশ্মীরের দিকে পালিয়ে যায়। পাকিস্তানের তরফে এই নিয়ে গত তিনদিনের মধ্যে দু’বার ড্রোন হামলার চেষ্টা করা হলো।
ইরানের পাশে দাঁড়িয়ে মার্কিন উপদূতাবাসে হামলা, পাকিস্তানে মৃত ৯
এর আগে ২৭ ফেব্রুয়ারি একইরকম ঘটনা ঘটেছিল। একটি ড্রোন পাকিস্তানের দিক থেকে জম্মু-কাশ্মীরে ঢুকে পড়েছিল। নজরে আসতেই ড্রোনটিকে গুলি করে নামায় সেনা। উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার পাকিস্তানের দিক থেকে ড্রোন উড়ে আসতে দেখা গিয়েছে। উড়ে আসা বেশিরভাগ পাক ড্রোনগুলিকে গুলি করে নামিয়েছে সেনা। সেনাবাহিনী সূত্রে খবর, এই ড্রোনগুলি মাদক পাচারের কাজে ব্যবহৃত হয়। তবে অস্ত্র পাচার এবং নজরদারি করার জন্যও এগুলিকে ব্যবহার করা হয়। সম্প্রতি অস্ত্র পাচারের কাজে ব্যবহৃত বেশ কয়েকটি ড্রোনকে গুলি করে নামিয়েছে সেনা। পরপর কয়েকদিনের ড্রোন হামলার ঘটনায় সেনাবাহিনী নজরদারি আরও বাড়িয়ে দিয়েছে। পুঞ্চের নিয়ন্ত্রণরেখা বরাবর শুরু হয়েছে তল্লাশি অভিযান। ড্রোন দিয়ে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।











