Site icon Hindustan News Point

Rahul Gandhi : “ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী”, অসমের সভা থেকে হিমন্তকে নিশানা রাহুলের

Rahul Gandhi

দিন কয়েক আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা গান্ধী (Rahul Gandhi) পরিবার নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, “হিমন্ত বিশ্বশর্মাকে গ্রেফতার করতে হলে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীকে নতুন করে জন্ম নিতে হবে।” তবে এবার এই বক্তব্যের পাল্টা জবাব দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি তিনি অসমের একটি জনসভায় বলেন, “অসমের হিমন্ত ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী, তিনি শুধু বিদ্বেষ ছড়াচ্ছেন। কংগ্রেস ক্ষমতায় এলেই ব্যাপক দুর্নীতির নায়ক হিমন্তকে গ্রেফতার করা হবে। তাঁর পরিবারও পার পাবে না।”

আর এর পাল্টা জবাব দিতেও দেরি করেননি হিমন্ত। অসমের শ্রীভূমি জেলায় প্রচারর সময় অসমের মুখ্যমন্ত্রী বলেন, “আমায় ধরতে হলে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীকে ফের জন্ম নিতে হবে। রাহুল গান্ধী হলেন ‘পাপ্পু’ আর রাজ্য কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ‘ছোট পাপ্পু’। রাহুল সাত বার জন্ম নেওয়ার পরে তবেই আমার চুল বাঁকা করতে পারবে।” এই মন্তব্যের জবাবে কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন, “হিমন্ত বিশ্বাস করেন, তিনি আইনের ঊর্দ্ধে। কিন্তু, তাঁর মনে রাখা উচিত, যত উপরে তিনি উঠবেন, পতনের সময় ব্যথা ততটাই বেশি লাগবে। মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে তিহাড় জেলে যাওয়া হবে তাঁর শাস্তির সূচনা।”

সম্প্রতি অসমের জোরহাটে এক জনসভা মুখ্যমন্ত্রী হিমন্তকে নিশানা করে তাঁকে প্রধানমন্ত্রীর ‘হাতের পুতুল’ বলে কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী। রাহুল (Rahul Gandhi) আরও বলেন, “অসমের মুখ্যমন্ত্রীর উপরও ঠিক একইরকম প্রভাব মোদির। কারণ উনি হিমন্তের দুর্নীতি ও অপরাধ সম্পর্কে অবগত।”

আগামী ৯ এপ্রিল একদফায় নির্বাচন হতে চলেছে অসমের ১২৬টি বিধানসভা কেন্দ্রে। এই নির্বাচন উপলক্ষ্যে জোরকদমে প্রচার শুরু করেছে প্রধান দুই প্রতিপক্ষ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ও কংগ্রেস। আর তার আগেই দু’পক্ষের বাগযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠছে অসমের রাজনীতি।


Exit mobile version