রাজস্থানের আলওয়ার জেলার খুশখেদা শিল্পাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাত জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ হয়েছেন আরও অন্তত ১৩ জন, যাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ কারখানার ভিতরে কয়েকজন এখনও আটকে থাকতে পারেন বলে খবর। সোমবার সকালে কাজের ব্যস্ততার মধ্যেই হঠাৎ একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এবং আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়।
দমকল ও পুলিশ সূত্রে জানা গেছে, শিফট বদলের সময় কারখানায় প্রায় ২৫ জন শ্রমিক উপস্থিত ছিলেন। আচমকা বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ও আশপাশের শিল্পাঞ্চল থেকে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কারখানায় বিপুল পরিমাণ রাসায়নিক মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে জল ছাড়াও ফোম ব্যবহার করতে হয়। দীর্ঘ প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও কুলিং প্রক্রিয়া চলছে।
#WATCH | Rajasthan: Seven people burned to death in a fire that broke out in a chemical factory in Bhiwadi of Khairthal-Tijara district. Their bodies have been recovered. Firefighting operations are underway. More details awaited.
— ANI (@ANI) February 16, 2026
(Video Source: Fire Department) pic.twitter.com/VjxVALnjh3
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কারখানায় মজুত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে, যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পরপর কয়েকটি প্রবল শব্দ শোনার পরই আগুনের লেলিহান শিখা দেখা যায়। নিরাপত্তার স্বার্থে আশপাশের কারখানাগুলি খালি করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত চিকিৎসার আশ্বাস দিয়েছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কারখানায় নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনা শিল্পাঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।











