আন্তর্জাতিক মাদক পাচারচক্রের অন্যতম মাথা মহম্মদ সালিম ইসমাইল ডোলা (Salim Dola’s Statement) ওরফে ‘হামজা’-কে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক দাবি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে জেরার সময় ডোলা অভিযোগ করেছেন, দেশের এক শীর্ষস্থানীয় বলিউড প্রযোজকের কন্যার সঙ্গে নাকি একটি আন্তঃরাজ্য সিন্থেটিক মাদকচক্রের যোগসূত্র ছিল। যদিও এই সমস্ত তথ্য এখনও তদন্তাধীন এবং তদন্তকারী সংস্থাগুলি সেগুলির সত্যতা যাচাই করছে।
ফ্রি প্রেস জার্নাল দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, তদন্তকারীদের দাবি, ডোলা (Salim Dola’s Statement) জানিয়েছেন যে ‘চিকনা’ নামে পরিচিত দেশের অন্যতম বড় সিন্থেটিক মাদক সরবরাহকারীর নেতৃত্বাধীন একটি স্বতন্ত্র মাদকচক্রের সঙ্গে ওই প্রযোজকের কন্যা সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ডোলার দাবি, আন্তর্জাতিক স্তরে তার নেটওয়ার্কের মাধ্যমে যে উচ্চমানের মাদক ভারতে পৌঁছত, তার অন্যতম বড় ক্রেতা ছিল চিকনার চক্র।
তদন্তকারীদের কথা অনুযায়ী, পাকিস্তানের ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ বলে পরিচিত চিকনাকে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে গোয়ায় গ্রেফতার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। বর্তমানে সে মুম্বইয়ের আর্থার রোড জেলে বন্দি রয়েছে। জিজ্ঞাসাবাদে ডোলা (Salim Dola’s Statement) আরও অভিযোগ করেছেন, ওই প্রযোজকের কন্যাই চিকনার স্ত্রী। সে-ই ভারতের বিভিন্ন প্রান্তে মাদক পরিবহন, সেগুলি লুকিয়ে রাখা, আর্থিক লেনদেন ও গোটা লজিস্টিক ব্যবস্থাপনার মূল দায়িত্ব পালন করতেন। তদন্তকারী সংস্থার দাবি, গ্রেফতারের আগে পর্যন্ত এই দম্পতি ডোলার আন্তর্জাতিক নেটওয়ার্ক থেকেই বিপুল পরিমাণ মাদক গ্রহণ করত।
তদন্তে আরও জানা গিয়েছে, ওই মহিলার বিরুদ্ধে অতীতেও মাদক সংক্রান্ত মামলা হয়েছিল। একবার তাঁর কাছ থেকে মেফেড্রোন উদ্ধারের অভিযোগে গ্রেফতার করা হলেও, যথাযথ তথ্যপ্রমাণের অভাবে তিনি ছাড়া পেয়ে যান।অন্যদিকে, ওই বলিউড প্রযোজক তথা ব্যবসায়ীর বিরুদ্ধেও অতীতে বিতর্ক তৈরি হয়েছিল।
জল বিক্রি থেকে রামমন্দিরের দান গণনা, অভিযুক্তের বাড়িতে ₹২০ লক্ষ উদ্ধার! ঘনীভূত রহস্য
তদন্তকারী সূত্রের দাবি, তাঁর বিরুদ্ধে ডি-কম্পানির সঙ্গে যোগাযোগ এবং আন্ডারওয়ার্ল্ডের কালো টাকা চলচ্চিত্রে বিনিয়োগের অভিযোগ উঠেছিল। ডোলার দাবি, মেয়েকে মাদকচক্রের প্রভাব থেকে দূরে রাখতে ওই প্রযোজক একাধিকবার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষপর্যন্ত মাদক পাচারের সঙ্গে যুক্ত কিছু অভিযুক্ত কয়েকজনের সংস্পর্শে আসেন তাঁর মেয়ে। সেখান থেকেই চিকনার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়।
তদন্তকারী সংস্থাগুলির মতে, ডোলার (Salim Dola’s Statement) জিজ্ঞাসাবাদ থেকে উঠে আসা এই তথ্যগুলি ভারতের একাধিক রাজ্যে ছড়িয়ে থাকা সিন্থেটিক মাদকচক্রের বিস্তৃত নেটওয়ার্ক, আর্থিক লেনদেন এবং সম্ভাব্য নতুন যোগসূত্র উদঘাটনে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে। তবে তদন্ত এখনও চলছে এবং জিজ্ঞাসাবাদে উঠে আসা প্রতিটি দাবির সত্যতা যাচাই করা হচ্ছে।

