Site icon Hindustan News Point

Samrat Choudhary Net Worth: ঝুলছে একাধিক খুনের মামলা, বিহারের নতুন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরির সম্পত্তি কত?

Samrat Choudhary Net Worth

অবশেষে জল্পনাই সত্যি হলো। নীতীশ কুমারের ছেড়ে যাওয়া কুর্সিতে বসলেন তাঁরই ডেপুটি সম্রাট চৌধুরি (Samrat Choudhary Net Worth)। আজই বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন, সম্রাট চৌধুরি। নিজেকে ‘কৃষক’ পরিচয় দেন তিনি। তবে তিনি নিজেকে কৃষক বললেও তাঁর হলফনামার হিসেব দেখলে চোখ কপালে উঠবে। জানেন তিনি কত সম্পত্তির মালিক?

হলফনামার হিসেব বলছে, সম্রাট চৌধুরির মোট সম্পত্তির পরিমাণ ১১.৩১ কোটি টাকা। বিহারের একাধিক গ্রাম ও শহুরে এলাকা জুড়ে ছড়িয়ে থাকা সম্রাটের যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণ রয়েছে তাঁর গত বছরের নির্বাচনী হলফনামায়। কী কী আছে সেই তালিকায়? হলফনামা অনুযায়ী, বিহারের মুঙ্গের জেলার তারাপুরের বিধায়কের পরিবারের কাছে রয়েছে নগদ ১,৭১,৫৫০ লাখ টাকা। সম্রাট চৌধুরির নির্বাচনী হলফনামা অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমান ৯.২৯ কোটি টাকা। অন্যদিকে তাঁর স্ত্রী মমতা কুমারীর রয়েছে ২.০১ কোটি টাকার সম্পত্তি। সব মিলিয়ে তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পদের মোট পরিমাণ ১১,৩১,০৪,৪২৮ টাকা।

সম্রাট চৌধুরি এবং তাঁর স্ত্রী দু’জনের কাছে ব্যাঙ্কে রয়েছে মোট ২৭ লক্ষ টাকা। এবং প্রত্যেকের কাছে রয়েছে ২০ লক্ষ টাকা মূল্যের সোনা। সোনা ছাড়াও তাঁদের কাছে রয়েছে ৭৫,০০০ টাকার রুপো। এছাড়াও শেয়ার, বন্ড ও মিউচুয়াল ফান্ডে ৩২ লক্ষ টাকার বিনিয়োগ রয়েছে সম্রাট ও তাঁর স্ত্রীর। স্থাবর-অস্থাবর সবকিছু মেলালে অর্থের সম্রাট তিনি। এছাড়াও সম্রাট চৌধুরির নামে একাধিক খুনের মামলা রয়েছে।

গত ১০ এপ্রিল নীতীশ কুমার রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেন। এর পর সামনে চলে আসে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে নানা জল্পনা।

শোনা যাচ্ছিল যে, নীতীশ কুর্সি ছাড়লে বিহারে আসন সংখ্যার নিরিখে বিজেপির কেউ মসনদে বসবেন। এক্ষেত্রে তালিকার অগ্রভাগে ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডেপুটি সম্রাট চৌধুরি (Samrat Choudhary Net Worth)। তবে অন্য বেশ কয়েকটি নামও শোনা যাচ্ছিল। এসবের মধ্যেই দিন কয়েক আগে সম্রাটকে নীতীশের বাসভবনে গিয়ে কথা বলতে দেখা যায়। ক্রমশ স্পষ্ট হতে থাকে যে, নীতীশের কুর্সিতে সম্রাটকেই পছন্দ পদ্ম শিবিরের নেতাদের।

এক সময়ে সম্রাট চৌধুরির শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। হলফনামা বলছে, সম্রাট চৌধুরি পিএফসি কামরাজ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিট (সম্মানসূচক) ডিগ্রি অর্জন করেছেন। গত বছর ভোটের আগে, আদৌ দশম শ্রেণীর গন্ডি উত্তীর্ণ হয়েছেন কি না সম্রাট তাই নিয়েই সন্দেহ প্রকাশ করেছিলেন জন সুরাজ প্রধান প্রশান্ত কিশোর। অবশ্য সম্রাট জোর দিয়ে জানান, তিনি প্রি-ফরমেশন কোর্স (পিএফসি) সম্পন্ন করেছেন। অন্যদিকে তাঁর স্ত্রী পেশায় একজন আইনজীবী।

কেন সম্রাট চৌধুরিকেই মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিল বিজেপি? ৫৭ বছর বয়সি সম্রাট নীতীশের মন্ত্রিসভায় ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ‘কোয়েরি’ বা ‘কুশওয়াহা’ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। অনগ্রসর জাতিগুলোর মধ্যে, যাদবদের পরেই কুশওয়াহা সম্প্রদায়ের অবস্থান। সংখ্যাগরিষ্ঠতার বিচারে তারাই দ্বিতীয় বৃহত্তম। সূত্র অনুযায়ী, নীতীশ কুমারের দল জেডিইউ বিজেপির কাছে অনুরোধ জানিয়েছিল, যেন এই নির্দিষ্ট জাতিগোষ্ঠী থেকেই কাউকে মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করা হয়।


Exit mobile version