যতদিন যাচ্ছে একে একে খুলছে রহস্যের মোড়ক। চাঞ্চল্যকর মোড় নিল কেতন হত্যা মামলা। প্রথমে দুর্ঘটনা মনে হলেও পরে পুলিশি তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। পুণের লোহাগড় দুর্গে ট্রেকিংয়ে গিয়ে হবু স্বামী কেতনকে খুনে অভিযুক্ত বাগদত্তা সিয়া এবং প্রেমিক চেতন চৌধুরী। এই ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। এই পরিস্থিতিতে বিস্ফোরক অভিযোগ করলেন, অভিযুক্ত সিয়া গোয়েলের মা (Ketan Murder Case)।
তাঁদের স্পষ্ট দাবি, আদালতে যদি তাঁর মেয়ে দোষী সাব্যস্ত হয়, তাহলে কেতন যেখান থেকে খাদে পড়ে প্রাণ হারিয়েছিলেন, সেখান থেকেই সিয়াকেও একইভাবে ফেলে মৃত্যুদণ্ড দেওয়া হোক। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি আমার মেয়ে অপরাধ করে থাকে, তাহলে তার শাস্তি হোক।”
সিয়ার মা আরও বলেন, ”ও যদি দোষী হয়, তবে কঠোরতম শাস্তি হওয়া উচিত। ওকে ফাঁসিতে ঝোলানো হোক। আমি একজন মা হয়ে এই কথা বলছি।”
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সিয়ার বাবা। বর্তমানে আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন (Ketan Murder Case)।
১৮ জুন, পুনের লোহাগড় দুর্গে ট্রেকিং করতে গিয়েছিলেন কেতন আগরওয়াল এবং তাঁর বাগদত্তা সিয়া গোয়েল। সেই সময় খাদে পড়ে কেতনের মৃত্যু হয়। প্রথমে ঘটনাটি দুর্ঘটনা বলেই মনে করা হলেও, তদন্তে নেমে পুলিশ দাবি করে, পরিকল্পনা করে হত্যা করা হয়েছে কেতনকে। তদন্তে উঠে এসেছে, সিয়া গোয়েল নাকি অন্য এক যুবক চেতনকে বিয়ে করতে চাইতেন। কিন্তু পরিবারের চাপে কেতনের সঙ্গে বিয়েতে রাজি হয়েছিলেন। আর সেটাই নাকি কেতনকে হত্যার মূল কারণ। তবে এখানেও উঠে আসছে নানা প্রশ্ন। কেতনকে শুধু শুধু কেন হত্যা করল সিয়া? পাত্র অপছন্দ, তাহলে তো ‘না’ বলাই যেত। তাহলে মেরে ফেলতে হল কেন? এমন নানা প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
আরও পড়ুন :- তারাতলা গোডাউন বিপর্যয়ে মৃত বেড়ে ১১, গ্রেফতার ৫; মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

