জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর পাশাপাশি এবার জাতীয় গান ‘বন্দে মাতরম’ বাজলেও উঠে দাঁড়াতে হবে, এমনই নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নির্দেশে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠান ও স্কুলে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর বাধ্যতামূলকভাবে বাজাতে হবে ‘বন্দে মাতরম’। (VANDE MATARAM)
নির্দেশিকায় জানানো হয়েছে, যেসব অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন, সেখানে তাঁর আগমন ও প্রস্থানের সময় ‘বন্দে মাতরম’ পরিবেশন করতে হবে। পাশাপাশি পদ্ম পুরস্কারের মতো অসামরিক নাগরিক সম্মান প্রদান অনুষ্ঠানেও এই গান বাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে সিনেমা হলে ‘বন্দে মাতরম’ বাজানো বাধ্যতামূলক নয় বলেই স্পষ্ট করা হয়েছে। (VANDE MATARAM)
নতুন নির্দেশিকায় আরও বলা হয়েছে, এবার থেকে ‘বন্দে মাতরম’-এর ছ’টি স্তবকই পরিবেশন করতে হবে। উল্লেখযোগ্যভাবে, ১৯৩৭ সালে কংগ্রেস আমলে গানটির চারটি স্তবক বাদ দেওয়া হয়েছিল। (VANDE MATARAM)
কেন্দ্রের দাবি, নাগরিকদের মধ্যে দেশপ্রেমবোধ জাগানো, শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় প্রতীকের প্রতি সম্মান বাড়ানোর উদ্দেশ্যেই এই পদক্ষেপ। তবে রাজনৈতিক মহলের মতে, ‘বন্দে মাতরম’ নিয়ে অতীতের বিতর্ক আবারও নতুন করে মাথাচাড়া দিতে পারে। গত বছর এই বিষয় ঘিরে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে তীব্র মতবিরোধ সামনে এসেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন, জওহরলাল নেহেরু মুসলিমদের তুষ্ট করতেই চারটি স্তবক বাদ দিতে বলেছিলেন। কংগ্রেস সেই মন্তব্যের কড়া বিরোধিতা করেছিল। নতুন নির্দেশিকা সেই বিতর্ককে আরও উসকে দিতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। (VANDE MATARAM)

