Site icon Hindustan News Point

Surat Water Tank Collapse: মোদীর রাজ্যে ভয়াবহ দুর্নীতি, উদ্বোধনের আগেই ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক

surat water tank collapse

গুজরাতের সুরাট জেলায় উদ্বোধনের আগেই ভেঙে পড়ল ২১ কোটি টাকায় তৈরি করা একটি জলের ট্যাঙ্ক। মাণ্ডভি তালুকের তাডকেশ্বর গ্রামে ‘গাইপাগলা গ্রুপ ওয়াটার সাপ্লাই স্কিম’-এর অধীনে তৈরি এই বিশাল জলাধারটি তৈরি করা হয়েছিল। লক্ষ্য ছিল ৩৩টি গ্রামে পানীয় জল পৌঁছে দেওয়া। কিন্তু রবিবার দুপুরে ট্রায়াল রানের সময়ই তাসের ঘরের মতো ভেঙে পড়ে গোটা কাঠামোটি।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৫ মিটার উঁচু এবং ১১ লক্ষ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কে পরীক্ষামূলক ভাবে প্রায় ৯ লক্ষ লিটার জল ভরা হয়েছিল। ঠিক সেই সময় বিকট শব্দে ধসে পড়ে কংক্রিটের দেওয়াল। ঘটনায় এক মহিলা-সহ তিন শ্রমিক আহত হন। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, কোটি কোটি টাকার প্রকল্পে চূড়ান্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। ধ্বংসস্তূপে ঝরে পড়া সিমেন্টের স্তর দেখে অনেকেই বলছেন, শুরু থেকেই নির্মাণে গাফিলতি ছিল। তিন বছর ধরে জল পাওয়ার আশায় থাকা গ্রামবাসীরা মনে করছেন, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত দুর্নীতির ফল।

প্রকল্পটির দায়িত্বে থাকা ‘জয়ন্তী স্বরূপ’ এজেন্সির বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সুরাট জল সরবরাহ দফতরের ডেপুটি ইঞ্জিনিয়ার জানিয়েছেন, SVNIT-এর বিশেষজ্ঞ দল কাঠামোগত ত্রুটি খতিয়ে দেখছে। রিপোর্ট পেলে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

তবে স্থানীয়দের দাবি আরও এক ধাপ এগিয়ে। তাঁদের মতে, শুধু তদন্ত নয়, দুর্নীতিতে জড়িত ঠিকাদার ও আধিকারিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত। কারণ উদ্বোধনের পর এই দুর্ঘটনা ঘটলে বহু মানুষের প্রাণ যেতে পারত। নিরাপদ পানীয় জলের স্বপ্ন পূরণ হওয়ার আগেই এই জলাধার ভেঙে পড়ায়, প্রশ্ন উঠছে— জনস্বার্থের প্রকল্পে কতটা সুরক্ষিত সত্যিই সরকারি নির্মাণ?

Exit mobile version