Site icon Hindustan News Point

Tamil Nadu Assembly Elections 2026: বাম জোট, নাকি ADMK, কাটাকুটি ভোট কার? ফ্যাক্টর হবেন বিজয়? তামিলনাড়ুতে শুরু ২৩৪টি আসনে ভোটগ্রহণ

Tamil Nadu Assembly Elections 2026

আজ পশ্চিমবঙ্গের পাশাপাশি ভোট চলছে তামিলনাড়ুতেও। ২৩৪টি বিধানসভা কেন্দ্রেই চলছে ভোট, অর্থাৎ এখানে এক দফায় নির্বাচন। তামিলনাড়ুর রাজনীতিতে এমকে স্ট্যালিনকে ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে তুলনা করা হয়। তিয়াত্তর বছর বয়সে এম কে স্ট্যালিনের সামনে তামিলনাড়ুর সিংহাসন ধরে রাখার লড়াই।

তামিলনাড়ুর ভোট বহু দিন ধরেই দ্বিমুখী লড়াই। ডিএমকে বনাম এডিএমকের(Tamil Nadu Assembly Elections 2026) মধ্যে। এ বার তৃতীয় শক্তি হিসেবে উঠে এসেছে রূপোলি পর্দার মহাতারকা বিজয়ের দল টিভিকে। দুই শিবিরই মনে করছে, বিজয় তাঁর ‘পরিবর্তন’-এর বার্তা দিয়ে তরুণ প্রজন্মের ভোট ঝুলিতে টানবেন। কিন্তু ডিএমকে-র নেতৃত্বে কংগ্রেস-বামেদের জোট নাকি এডিএমকে-বিজেপির জোট— কার ভোট বেশি কাটবেন? সেটাই তামিলভূমের নির্বাচনে প্রশ্ন।

হেভিওয়েট প্রার্থীর মধ্যে, চেন্নাইয়ের পেরাম্বুর আসন থেকে ভোটে লড়ছেন ‘সুপারস্টার’ বিজয়। আসল নাম সি জোসেফ বিজয়। ডিএমকে নেতাদের ‘গ্রাউন্ড রিপোর্ট’ বলছে, অনেক পরিবারেই কমবয়সি ছেলেমেয়েরা বাড়ির বয়স্কদের বিজয়কে ভোট দিতে বলছেন। বিজয় বহু সিনেমায় ‘রাগী বিপ্লবী যুবক’-এর চরিত্রে অভিনয় করে এসেছেন। তাঁর সেলুলয়েডের ভাবমূর্তি প্রথমবারের ভোটার, শহরের তরুণদের সঙ্গে মহিলা ভোটব্যাঙ্ক এবং বছরের পর বছর ডিএমকে বা এডিএমকে-কে ভোট দিয়ে ক্লান্ত মানুষকে আকৃষ্ট করছে। তরুণদের হাতে হাতে ঘুরছে বিজয়ের দলের নির্বাচনী প্রতীক— হুইসল।

অন্যদিকে মহিলা ভোট টানতে স্ট্যালিন মুখ্যমন্ত্রী হয়ে মহিলা ভাতা চালু করেছিলেন। ভোটের মুখে তাঁর প্রতিশ্রুতি, ক্ষমতায় ফিরলে মহিলাদের জন্য ৮ হাজার টাকা নগদ উপহার থাকবে। পাল্টা জবাবে এডিএমকে মহিলাদের জন্য ১০ হাজার টাকা উপহারের ঘোষণা করেছে। মহিলাদের জন্য বিজয়ের প্রতিশ্রুতি, মাসে ২,৫০০ টাকার ভাতা। বিজয়ের চিন্তা হলো, তামিলনাড়ুর প্রবীণ মানুষের অনেকেই এখনও ডিএমকে বা এডিএমকে-র উপরেই ভরসা রাখতে চান। তাঁদের মতে, বিজয় ‘পরিবর্তন’-এর কথা বলছেন ঠিকই। তবে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা এক্কেবারে পরিপক্কতা হয়নি।

তিয়াত্তরের স্ট্যালিন এইখানেই এগিয়ে। তিনি ডিএমকে-র প্রধান বা মুখ্যমন্ত্রীর গদিতে বসার আগেই পাকা রাজনীতিবিদ হিসেবে পরিচিত। ডিএমকে নেতাদের মতে, স্ট্যালিনের সরকারের বিরুদ্ধে জনমানসে তেমন কোনও অসন্তোষ তৈরি হয়নি। ডিএমকে সাংগঠনিক শক্তিতে অনেক এগিয়ে। স্ট্যালিন-সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ভোটব্যাঙ্ককে আরও মজবুত করেছে। বিজয়ের বিপরীতে দলের তরুণ মুখ হিসেবে স্ট্যালিন তাঁর ছেলে উদয়নিধিকে তুলে ধরছেন।

উল্টোদিকে, এডিএমকে-তে জয়ললিতার মৃত্যুর পরে ভাঙন ধরেছিল। বর্তমান এডিএমকে-প্রধান ই পলানীস্বামীর জয়ললিতার মতো ক্যারিশ্মা বা সাংগঠনিক ক্ষমতা নেই। মূলত পশ্চিম তামিলনাড়ুতে(Tamil Nadu Assembly Elections 2026)এডিএমকে নিজের শক্ত ঘাঁটি ধরে রাখতে পেরেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রেক্ষিতে তৃতীয় শক্তি হিসেবে উঠে এসে বিজয় প্রথমবার নির্বাচনের ময়দানেই ২০ থেকে ২৫ শতাংশ ভোট পেতে পারেন। কিন্তু গোটা রাজ্যে বিজয় সমানভাবে ভোট পাবেন না। তাঁর দলের সাংগঠনিক শক্তিও সীমিত। তাই আসনের হিসেবে হয়তো বিজয়ের দল খুব বেশি হলে গোটা পনেরো আসন পেতে পারে।

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে গত কয়েক দশকে নারী অংশগ্রহণ ধীরে ধীরে বাড়লেও এখনও প্রার্থীপদে পুরুষদেরই প্রাধান্য বজায় রয়েছে। নির্বাচনে তামিলনাড়ু জুড়ে মোট ৪৪৩ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে পুরুষ প্রার্থীর সংখ্যা ৩ হাজার ৫৭৯।

ফলে মোট প্রার্থীদের মধ্যে নারীদের অংশ প্রায় ১২ শতাংশের কাছাকাছি। তামিলনাড়ুতে ক্ষমতাসীন ডিএমকে, পুনরায় রাজ্যে প্রত্যাবর্তন হবে কি না, নাকি বিজেপি এআইএডিএমকে জোট ক্ষমতায় আসবে, সেই দিকে তাকিয়ে সকলেই।


Exit mobile version