Site icon Hindustan News Point

The Great India Place Mall: জমজমাটি শপিং মলে এখন ভূতের আনাগোনা? চর্চায় নয়ডার ‘Ghost Mall’

the great India place

শপিং মল নাকি ভুতুড়ে কারখানা? উত্তরপ্রদেশের নয়ডার এক সময়ের অত্যন্ত জনপ্রিয় শপিং ডেস্টিনেশন The Great India Place Mall আজ প্রাণহীন হয়ে পড়েছে। একসময় যে মল সপ্তাহান্তে হাজার হাজার মানুষের ভিড়ে জমজমাট থাকত, এখন সেখানে ফাঁকা এসকেলেটর, বন্ধ দোকান আর নির্জন করিডরগুলি চোখে পড়ে বেশি। তাই অনেকেই মজা করে একে এখন ‘ঘোস্ট মল’ বলেই ডাকছেন।

২০০৭ সালে চালু হওয়ার পর থেকেই গ্রেট ইন্ডিয়া প্লেস দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। দিল্লি-এনসিআর অঞ্চলের মানুষের কাছে এটি ছিল কেনাকাটা, সিনেমা দেখা আর পরিবার নিয়ে সময় কাটানোর অন্যতম আদর্শ ঠিকানা। বড় বড় ব্র্যান্ডের শোরুম, ফুড কোর্ট, মাল্টিপ্লেক্স—সব মিলিয়ে এটি ছিল সপ্তাহান্তের প্রায় নিয়মিত গন্তব্য। বিশেষ করে ছুটির দিনে এখানে পা ফেলার জায়গা থাকত না।কিন্তু সময়ের সঙ্গে ছবিটা বদলাতে শুরু করে।

আশেপাশে নতুন এবং আরও আধুনিক মল তৈরি হওয়ায় ক্রেতাদের একটা বড় অংশ সেদিকে ঝুঁকে পড়ে। প্রতিযোগিতা বাড়তে থাকায় The Great India Place Mall আর আগের মতো ভিড় ধরে রাখতে পারেনি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় আরও খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে বহু দোকান আর আগের মতো ব্যবসা দাঁড় করাতে পারেনি। অনেক শোরুমই চিরতরে ঝাঁপ ফেলে দেয়।

এর সঙ্গে যুক্ত হয় আর্থিক ও আইনি জটিলতা। মলের সঙ্গে যুক্ত সম্পত্তির একটি অংশ পরে তদন্তের আওতায় আসে এবং ইডি প্রায় ২৯১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে। এই ঘটনা মলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়িয়ে দেয়। তাছাড়া মলের একাধিক ইউনিট আলাদা আলাদা মালিকানার আওতায় থাকায় সামগ্রিক সংস্কার বা নতুন পরিকল্পনা বাস্তবায়ন করাও কঠিন হয়ে পড়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিয়োতে দেখা গিয়েছে, একসময়ের ব্যস্ত ফুড কোর্ট প্রায় ফাঁকা, বহু দোকানের শাটার নামানো, আর ক্রেতা নেই বললেই চলে। এই দৃশ্য দেখে অনেকেরই মনে পরে যাচ্ছে পুরোনো দিনের কথা —যেখানে আগে পরিবার নিয়ে তারা ঘণ্টার পর ঘণ্টা কাটাতেন, এখন সেখানেই নীরবতা।

তবে মলটি এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। এখনও কিছু দোকান চালু আছে এবং সপ্তাহান্তে সীমিত হলেও কিছু ভিড় দেখা যায়। কিন্তু যে জৌলুস আর প্রাণোচ্ছলতা একসময় ছিল, তা এখন আর নেই।

ফলে প্রশ্ন উঠছে, নয়ডার এই আইকনিক মল কি ধীরে ধীরে শেষের পথে? নাকি নতুন বিনিয়োগ ও পরিকল্পনার মাধ্যমে আবারও ঘুরে দাঁড়াতে পারবে? সময়ই তার উত্তর দেবে।


Exit mobile version