ভোপালের ত্বিষা মৃত্যু-কাণ্ডের মামলা গড়াল সুপ্রিমকোর্টে। স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল দেশের সর্বোচ্চ আদালত। আগামী ২৫ মে সোমবার মামলার শুনানির দিন ধার্য করেছে সুপ্রিমকোর্ট।
শনিবার রাতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে সুপ্রিমকোর্ট (Twisha Sharma Death Case)। তদন্তে গাফিলতি ও নিরপেক্ষতা নষ্টের অভিযোগ উঠেছিল। আগামী সোমবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভিপুল এম পাঞ্চোলির বেঞ্চে শুনানি। সেদিনই এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই মুহূর্তে প্রাক্তন মডেল ত্বিষা শর্মার রহস্যমৃত্যু মামলায় সিবিআইকে তদন্তভার দিতে সুপারিশ করেছে মধ্যপ্রদেশ সরকার। তাঁর মরদেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। কিন্তু এই ঘটনার গুরুত্বের কথা মাথাতে রেখে নিজের থেকেই হস্তক্ষেপ করল সুপ্রিমকোর্ট। এবার এটাই দেখার দেশের সর্বোচ্চ আদালত এই রহস্যজনক মৃত্যু মামলায় কী নির্দেশ দেয়।
অন্যদিকে অভিনেত্রী ত্বিষা শর্মার মৃত্যুর ঘটনার তদন্তে নতুন সূত্র হাতে এল তদন্তকারীদের। একটি সিসি ক্যামেরার ফুটেজ পেয়েছেন তদন্তকারীরা, যেখানে ত্বিষাকে একটি পার্লারে যেতে দেখেছেন। ফুটেজে দেখা যাচ্ছে ১২ মে দুপুর ৩ টে ১২ মিনিটে পার্লারে যান তিনি। ঘণ্টা তিনেক পর পর সেখান থেকে বের হন। তার কয়েক ঘণ্টা পরেই শ্বশুরবাড়ি থেকে মেলে ত্বিষার ঝুলন্ত দেহ।
অন্যদিকে, জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হওয়ায় গিরিবালা সিংকে তৃতীয় ও শেষ নোটিস পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে মধ্যপ্রদেশ হাইকোর্টে-ও তাঁর বিরুদ্ধে জারি হওয়া আগাম জামিন চ্যালেঞ্জ করে দায়ের হওয়া আবেদনের প্রেক্ষিতে জবাব তলব করেছে। ২৫ মে-র মধ্যে তাঁকে আদালতে উত্তর দিতে বলা হয়েছে। এদিকে মামলার গুরুত্ব বাড়তেই সমর্থ সিংয়ের আইনজীবী লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। ফলে তদন্ত চলাকালীন তিনি নিজের নামের আগে “অ্যাডভোকেট” শব্দ ব্যবহার করতে পারবেন না।
প্রসঙ্গত, গত ১২ মে ভোপালের তরুণী ত্বিষার দেহ উদ্ধার হয়। পণের জন্য তাঁকে খুন করা হয়েছে বলে ত্বিষার বাপেরবাড়ির অভিযোগ। শুক্রবার ত্বিষার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ দিন পলাতক থাকার পর আত্মসমর্পণ করেন তিনি।

