পশ্চিম এশিয়ায় ক্রমশ জটিল হয়ে উঠছে যুদ্ধ পরিস্থিতি। আর সেই উত্তেজনার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। সংযুক্ত আরব আমিরশাহির (ইউএই) বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনার পর সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড়সড় পরিবর্তন। আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েল বা অপরিষোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১১১ ডলার ছাড়িয়ে যায়। মার্কিন ডব্লিউটিআই ক্রুডও পৌঁছে যায় প্রায় ১০৮ ডলারের ঘরে। গত কয়েক মাসের মধ্যে এটিই সবচেয়ে বড় মূল্যবৃদ্ধির অন্যতম বলে মনে করা হচ্ছে। (Oil Price Hike)
সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার গভীর রাতে ইউএই-র আবু ধাবির পশ্চিম উপকূলের বারাকাহ নিউক্লিয়ার প্ল্যান্ট এলাকায় একাধিক ড্রোন দেখা যায়। পরে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং প্ল্যান্টের একটি অংশে আগুন লাগে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে ধোঁয়ার কুণ্ডলী এবং আগুনের লেলিহান শিখা দেখা গিয়েছে। যদিও ইউএই প্রশাসনের দাবি, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বিকিরণ বা তেজস্ক্রিয়তার কোনও আশঙ্কা নেই। তবে কীভাবে এই হামলা হল, তার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন বা রাষ্ট্র এই হামলার দায় স্বীকার করেনি। (Oil Price Hike )
এই ঘটনার পরই মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইরান-ইজরায়েল উত্তেজনার আবহে উপসাগরীয় অঞ্চলে একের পর এক ড্রোন হামলা গোটা আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকেই চ্যালেঞ্জের মুখে ফেলছে। বিশেষ করে ইউএই-এর মতো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশে পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে।
এদিকে হরমুজ প্রণালী নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের মোট অপরিশোধিত তেল পরিবহণের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়েই হয়। ইরান ইতিমধ্যেই ওই অঞ্চলে নজরদারি এবং সামরিক উপস্থিতি বাড়িয়েছে বলে খবর। কয়েক সপ্তাহ ধরে একাধিক তেলবাহী জাহাজের চলাচলে বাধা, তল্লাশি এবং সতর্কবার্তার ঘটনা সামনে এসেছে। ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর সেই কারণেই তেলের দাম দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। (Oil Price Hike)
এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক করেন বলে সূত্রের খবর। ওয়াশিংটন থেকে ইরানের প্রতি কড়া বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে সৌদি আরবও জানিয়েছে, তাদের আকাশসীমায় ঢুকে পড়া অন্তত তিনটি সন্দেহভাজন ড্রোনকে গুলি করে নামানো হয়েছে। ফলে গোটা উপসাগরীয় অঞ্চল কার্যত যুদ্ধ পরিস্থিতির দিকে এগোচ্ছে বলেই আশঙ্কা আন্তর্জাতিক মহলের। (Oil Price Hike Today)
বিশেষজ্ঞদের মতে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে তার সবচেয়ে বড় প্রভাব পড়বে তেল আমদানিকারী দেশগুলির উপর। ভারত, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলি পশ্চিম এশিয়ার তেলের উপর অনেকটাই নির্ভরশীল। ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে দেশে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাবে। পরিবহণ খরচ বৃদ্ধি এবং মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হতে পারে। ইতিমধ্যেই শেয়ার বাজারে চাপ তৈরি হয়েছে। বিমান পরিবহণ, রাসায়নিক শিল্প এবং পরিবহণ ক্ষেত্রেও খরচ বাড়ার ইঙ্গিত মিলছে।
আন্তর্জাতিক মহলের একাংশের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে আগামী কয়েক সপ্তাহে বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীতে যদি সরবরাহ পুরোপুরি ব্যাহত হয়, তাহলে ২০২২ সালের পর ফের জ্বালানি সংকটের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। (Oil Price Hike)
‘নির্বাচনের বিল’ গ্যাসের দামে! ৯৯৩ টাকা বৃদ্ধিতে কেন্দ্রকে আক্রমণ রাহুল গান্ধীর

