Site icon Hindustan News Point

UP Crime: খাসি বলে বিফ খাইয়েছিল, সহকর্মী আফতাবকে হত্যা করল বীরেন্দ্র, গ্রেফতার

UP Crime

উত্তরপ্রদেশের বারাণসীতে এক নৃশংস খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (UP Crime)। গোমাংস খাওয়ানো এবং পরবর্তী অপমানের জেরে প্রতিশোধ নিতে এক যুবক তাঁর সহকর্মীকে শ্বাসরোধ করে খুন করেছে বলে অভিযোগ। এই ঘটনায় ২৪ বছর বয়সি বীরেন্দ্র যাদবকে গ্রেফতার করেছে সিন্ধৌরা থানার পুলিশ। নিহত আফতাব আলম (বয়স ৩০ বছর) বিহারের বাসিন্দা এবং একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারির শুরুতে বারাণসীর মহাগাঁও এলাকার একটি নির্জন মাঠ থেকে আফতাবের দেহ উদ্ধার হয়। দেহের মুখ ও নাকে রক্তের দাগ ছিল। যা দেখে প্রথমেই সন্দেহ হয় পুলিশের। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। কল ডিটেইলস ও ব্যাঙ্ক লেনদেন খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, আফতাবের অ্যাকাউন্ট থেকে টাকা বীরেন্দ্রর অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। এটিএমের সিসিটিভি ফুটেজেও দু’জনকে একসঙ্গে দেখা যায়।

‘Oh S***!’ অজিত পাওয়ারের বিমান ভেঙে পড়ার আগে ভেসে এসেছিল দুটি শব্দ

পুলিশি জেরায় বীরেন্দ্র দাবি করে, বেঙ্গালুরুতে একসঙ্গে কাজ করার সময় আফতাব নাকি তাঁকে খাসি বলে গোরুর মাংস খাইয়ে দেন এবং পরে বন্ধুদের সামনে বিষয়টি বলে তাঁকে অপমান করেন। সেই ক্ষোভ থেকেই প্রতিশোধের পরিকল্পনা করে সে। অভিযোগ, ৭ জানুয়ারি আফতাবকে বারাণসীতে ডেকে একটি বাইকে নির্জন স্থানে নিয়ে গিয়ে দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। পরে তাঁর মোবাইল ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়।

অন্যদিকে আফতাবের পরিবার ধর্মীয় কারণ মানতে নারাজ। তাঁদের দাবি, খুনের মূল উদ্দেশ্য অর্থ লুট। ইতিমধ্যে খুনে ব্যবহৃত দড়ি, মোবাইল ফোন, আধার ও এটিএম কার্ড উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত আরও এক সহযোগীর খোঁজে তল্লাশি চলছে।


Exit mobile version