কথায় আছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল ব্যাঁকাতে হয়। উত্তরপ্রদেশের মিরাটে ঘটে যাওয়া এই অদ্ভুত ঘটনা যেন তারই প্রমাণ।
থানায় হন্তদন্ত হয়ে এক মহিলা এসে জানান তাঁর শিশু হারিয়ে গিয়েছে। চারিদিকে অনেক খোঁজা হয়েছে কিন্তু এখনও অবধি নিখোঁজ সে। খবর পেয়ে উঠে পড়ে লাগে পুলিশ। কোমর বেঁধে শুরু করে তল্লাশি।
মহিলা দাবি করেন, বাড়ির লাগোয়া নর্দমাতে পড়ে গিয়েছে শিশু। ব্যাস, কথা মতো কাজ শুরু করে পুলিশ। পুরকর্মীরা নেমে পড়েন নর্দমার ভিতরে। নর্দমা পরিষ্কারের জন্য আনা হয় ভারী যন্ত্রপাতিও। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় খোঁজ। ঘটনাটি দাঁড়িয়ে তদারক করেন খোদ পুলিশ।
এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়লেও খানিক পরেই ফোন বার করে ঘটনাটির ভিডিয়ো করতে থাকেন। তল্লাশি চলে টানা তিন ঘণ্টা, প্রায় এক কিলোমিটার লম্বা ড্রেন পরিষ্কার করে ফেলা হয়, সঙ্গে মাইকে ঘোষণা করা হয়। পরিষ্কার করতে করতে নর্দমা ঝকঝকে হয়ে যায়, কিন্তু খোঁজ মেলে না খুদের। অবশেষে হাল ছেড়ে উঠে আসেন পুরকর্মীরা।
টিপি নগর থানার পুলিশ জানিয়েছে, শিশু নিখোঁজের অভিযোগ মৌখিকভাবে করা হলেও আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ জানায়নি কেউ। তাই পুলিশ মনে করছে, পুরো ঘটনাটিই গুজব ছিল।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই ঘটনাটি। কোনও কোনও অ্যাকাউন্ট থেকে আবার নর্দমা পরিষ্কারের আগে ও পরের ছবি পোস্ট করা হয়। অনেকেই মন্তব্য করেন শিশু হারানোর ঘটনা নিছকই মিথ্যা। মহিলার উদ্দেশ্য ছিল নর্দমা পরিষ্কার করার।
এই বিষয়টি খতিয়ে দেখে দৈনিক ভাষ্কর নামে সংবাদসংস্থা। তারা সেই মহিলার সঙ্গে যোগাযোগ করে যিনি শিশু হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেন। সেই মহিলার নাম গীতা। সেই মহিলা একটু মজা করে জানান, তিনি মন্দিরে যাওয়ার সময়ে দেখেন এক ব্যক্তি নর্দমা থেকে কিছু একটা টেনে তুলছিলেন, তিনি মনে করেছিলেন হয়তো কেউ পড়ে গিয়েছে। তাই পুলিশকে খবর দেন। এর বিস্তারিত তিনি কিছু জানাননি। পুরোটাই যে ছিল মজা করে ও নর্দমা পরিষ্কার করার জন্য সেটা বুঝতে কারও সমস্যা হয়নি।
In a bizarre incident, a woman in Uttar Pradesh's Meerut reportedly approached the police to find her "missing" child, who, she claimed, had fallen into an open drain. The authorities, however, were unable to find the child and ended up clearing the clogged drain in three hours.… pic.twitter.com/HqLz9eVX0u
— The Siasat Daily (@TheSiasatDaily) February 3, 2026

