Site icon Hindustan News Point

গাড়িতে তেল ভরার টাকা দিলে তবেই নিখোঁজ মেয়েকে খুঁজতে যাবে পুলিশ, ভাইরাল ভিডিয়ো ঘিরে জল্পনা

Viral Video

বাড়ির মেয়ে নিখোঁজ। তড়িঘড়ি পুলিশের কাছে ছুটলো পরিবার। মেয়েকে খুঁজে দেবে পুলিশ এই আশায়। কিন্তু সে গুড়ে বালি। পুলিশ উল্টে জানিয়ে দিল, গাড়িতে ডিজেল নেই। উদ্ধার অভিযানে যেতে হলে পরিবারের পক্ষ থেকেই নাকি সে ডিজেলের খরচা দিতে হবে। হ্যাঁ। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। এই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তারপরই নেটপাড়া থেকে রাজনৈতিক মহল সব জায়গাতেই তীব্র সমালোচনার ঝড় উঠেছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান নিউজ পয়েন্ট।

ঘটনাটি নাগপুরের পঞ্চপাওলি থানার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ওই অঞ্চলের এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। মেয়েকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত থানায় পৌঁছে পুলিশের সাহায্য চান। অভিযোগ, সেই সময় থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর বাবুরাও রাউত পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন, যা শুনে হতবাক হয়ে যান উপস্থিত সকলে। (Viral Video)

ভাইরাল ভিডিয়োতে শোনা যায়, পুলিশ আধিকারিক বলছেন, “গাড়িতে ডিজেল নেই। কীভাবে খুঁজতে যাব? ডিজেলের টাকা দিন।” পরিবারের সদস্যরা তখন কাকুতিমিনতি করে মেয়েকে দ্রুত খুঁজে বের করার আবেদন জানালেও পুলিশের এই মন্তব্য ঘিরেই ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন নিখোঁজ নাবালিকাকে খুঁজে বের করা পুলিশের দায়িত্ব। সেখানে পরিবারের কাছ থেকে ডিজেলের টাকা কীভাবে চাইতে পারে পুলিশ? অনেকেই এই ঘটনাকে “অমানবিক” বলেও কটাক্ষ করেছেন।

কংগ্রেস নেতা বিজয় ওয়াডেট্টিওয়ার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ভাইরাল ভিডিয়োটি পোস্ট করে মহারাষ্ট্র সরকারের তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, সরকার বড় বড় প্রচার এবং রাজনৈতিক অনুষ্ঠানে বিপুল অর্থ খরচ করছে, অথচ সাধারণ মানুষের জরুরি পরিষেবার জন্য ন্যূনতম ব্যবস্থাও নেই।

তিনি আরও বলেন, “একটি মেয়ে নিখোঁজ। তার পরিবার অসহায় অবস্থায় পুলিশের কাছে সাহায্য চাইছে। আর সেই সময় পুলিশ বলছে গাড়িতে ডিজেল নেই! এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা।” পাশাপাশি রাজ্যের জরুরি পরিষেবা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। (Viral Video)

ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপে ‘চুল খাড়া’ পরিস্থিতি, কী নিয়ে তীব্র মতবিরোধ ?

ভিডিয়ো ভাইরালের পরই প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ করা হয়। অভিযুক্ত পুলিশ ইন্সপেক্টর বাবুরাও রাউতকে পঞ্চপাওলি থানা থেকে সরিয়ে কন্ট্রোল রুমে বদলি করা হয়েছে। নাগপুর পুলিশ কমিশনারেট জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। যুগ্ম পুলিশ কমিশনার নবীন রেড্ডি বলেন, ভাইরাল ভিডিয়ো এবং ওই মেয়েটির নিখোঁজ হওয়ার অভিযোগ দু’টিই খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে মহারাষ্ট্র সরকারের মন্ত্রী তথা নাগপুরের অভিভাবক মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ বিপদের সময় পুলিশের কথাই প্রথম মাথায় আসে। তবে সেই সময় তাদের থেকেও যদি সাহায্য না পাওয়া যায় তাহলে বিপদে পড়া ওই মানুষগুলি কোথায় যাবে? (Viral Video)


Exit mobile version