গভীর রাতে যমুনা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জন বাসযাত্রীর। শনিবার ভোরে উত্তরপ্রদেশের মথুরার কাছে একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যাত্রীদের পিষে দেয়। দুর্ঘটনায় এক জন গুরুতর জখম হয়েছেন, তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক চালক ও খালাসি পলাতক। (Yamuna Expressway)
পুলিশ সূত্রে খবর, শনিবার রাত পৌনে তিনটে নাগাদ সুরীর থানা এলাকার ৮৮ নম্বর মাইলস্টোনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। স্লিপার বাসটি দিল্লি থেকে কানপুরের দিকে যাচ্ছিল। যাত্রাপথে বিরতি নেওয়ার জন্য চালক বাসটি রাস্তার ধারে দাঁড় করিয়েছিলেন। সেই সময় বেশ কিছু যাত্রী বাস থেকে নীচে নেমে দাঁড়িয়ে ছিলেন। তখনই একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের পিষে দেয়। (Yamuna Expressway)
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকাজ শুরু হয়। মৃতদের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গিয়েছে। তাঁরা হলেন আউরাইয়া-র বাসিন্দা সোনু, বাস্তি-র দেবেশ, কনৌজের আসলাম এবং দিল্লির প্রেম নগর-এর বাসিন্দা সন্তোষ। এছাড়াও এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আমার দুবে, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতদের পরিজনদের খবর দেওয়া হয়েছে। (Yamuna Expressway)
প্রসঙ্গত, গত এক মাসে যমুনা এক্সপ্রেসওয়েতে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা। এর আগে গত ২২ জানুয়ারি এই রাস্তার কাছেই একটি চলন্ত বাসে আগুন লেগে গিয়েছিল। তবে এ দিনের রক্তক্ষয়ী দুর্ঘটনা ফের এক্সপ্রেসওয়ের নিরাপত্তা ও নজরদারি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। (Yamuna Expressway)











