Site icon Hindustan News Point

Anti-Aging Lifestyle Tips: মন ভালো থাকলে ৫০-এও লাগবে ২০-র তরুণ, রইল সৌন্দর্যের আসল রহস্য

Anti-Aging Lifestyle Tips

ব্রততী সিনহা রায়
Consultant Psychologist & Psychotherapist

“কী বলো! তোমার এত বয়স? দেখে তো বোঝাই যায় না! কীভাবে নিজেকে এত সুন্দরভাবে মেইনটেইন করো?”- এই ধরনের প্রশ্ন আমরা অনেকেই শুনে থাকি। কারণ আমাদের আশপাশেই এমন কিছু মানুষ আছেন, যাদের বয়স বাড়লেও চেহারায় তার ছাপ খুব একটা পড়ে না। আবার এমনও দেখা যায়, অল্প বয়সেই অনেকের মুখে ক্লান্তি আর বয়সের ছাপ ফুটে ওঠে। কেন এমন হয়, সেটা কি ভেবে দেখেছি আমরা কখনও? (Anti-Aging Lifestyle Tips)

মানুষের জীবনে খাদ্য, বস্ত্র ও বাসস্থানের চাহিদার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ চাহিদা রয়েছে নিজেকে সুন্দর দেখানো, নিজের বয়সের তুলনায় তরুণ দেখানো। প্রত্যেকটি মানুষই চান তাঁকে সতেজ ও আকর্ষণীয় দেখাক। এটি শুধু কোনও ব্যক্তিগত ইচ্ছা নয়, বরং প্রায় সকল মানুষেরই একটি সাধারণ আকাঙ্ক্ষা। তাই তো অনেকেই মনে মনে চান, যেন কুড়িতেই আটকে থাকে তাদের জীবন।

এই চাহিদা পূরণ করার জন্য আজকের পৃথিবীতে নানা ধরনের উপায় আবিষ্কার হয়েছে এবং তার সঙ্গে প্রতিদিন নতুন নতুন পদ্ধতি যুক্ত হচ্ছে। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে আমরা এসবের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ছি। বোটক্স থেকে শুরু করে অ্যান্টি-এজিং ক্রিম, লোশন, এমনকি বিভিন্ন চিকিৎসা পদ্ধতি-সবই যেন আমাদের তরুণ দেখানোর জন্য। কিন্তু প্রশ্ন হলো, শুধুমাত্র বাইরের সৌন্দর্য কি যথেষ্ট? এসব চিকিৎসা পদ্ধতি সাময়িকভাবে চেহারা বদলাতে পারে ঠিকই, কিন্তু তা স্থায়ী নয়। তাই সত্যিকারের সৌন্দর্যের জন্য ভেতর থেকে সুস্থ ও শান্ত থাকা জরুরি। (Anti-Aging Lifestyle Tips)

অল্প বয়সে বেশি বয়সের ছাপ কেন? সেই ছাপ কি মনেও পড়ে?

প্রথমেই জানা দরকার, বয়স কম হলেও কেন মানুষকে বেশি বয়স্ক মনে হয়। এখনকার দৈনন্দিন জীবনে মানসিক চাপ ছাড়া যেন এক মুহূর্ত আমাদের কাটে না। এই মানসিক চাপই একটি বড় কারণ, যা আমাদের বয়স সময়ের তুলনায় বেশি তাড়াতাড়ি বাড়িয়ে দেয়। এই দীর্ঘস্থায়ী চাপ আমাদের শরীরে কর্টিসল সহ নানা ধরনের চাপজনিত হরমোন তৈরি করে, যা ধীরে ধীরে আমাদের চেহারায় প্রভাব ফেলতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে এই হরমোনগুলো শরীরের কোষগুলিকে ক্ষতিগ্রস্ত করতে শুরু করে। এর ফলে টেলোমিয়ার (telomeres), অর্থাৎ আমাদের DNA-র সুরক্ষামূলক অংশ, ধীরে ধীরে কম হতে শুরু করে দেয়। এর প্রভাব পড়ে আমাদের শরীর ও মস্তিষ্কের ওপর। ফলে বয়সের ছাপ দ্রুত ফুটে ওঠে। (Anti-Aging Lifestyle Tips)

ছবিটি প্রতীকী (সৌজন্যে AI)

রাগ, দুঃখ কিংবা নিজের অনুভূতি চেপে রাখার অভ্যাস আছে? সেটাও আপনাকে অজান্তে ক্ষতি করছে। শরীরের ভেতরে জমে থাকা এই মনের চাপ সেটা শুধু আমাদের মনের মধ্যেই আটকে থাকে না, তার ছাপ চেহারাতেও পড়তে শুরু করে। মনের চাপ থেকে শরীরে বিভিন্ন টক্সিক কেমিক্যালসের উৎপাদন হয়। এই টক্সিক কেমিক্যালসের প্রভাব ফুটে ওঠে আমাদের ত্বকে। তাই মনোবিজ্ঞানী এবং গবেষকরা জানাচ্ছেন “মন যত হালকা থাকবে, ইতিবাচক চিন্তায় পরিপূর্ণ থাকবে শরীরে তত কম টক্সিন জমবে”। যদি আমরা সত্যিই চায় আমাদের ত্বক ভালো থাকুক তাহলে সবার আগে মনকে ভালো রাখতে হবে। মন ভালো থাকলে তার স্বাভাবিক উজ্জ্বলতা এক সময় চেহারাতেও ফুটে ওঠে।

ঘুমের অভাবও বড় একটি কারণ। রাতে ঘুমের সময় আমাদের শরীর নিজেকে মেরামত করে, নতুন সেল তৈরি হয় এবং ক্ষতিগ্রস্ত অংশগুলো ঠিক হয়। কিন্তু পর্যাপ্ত ঘুম না হলে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় এবং তার প্রভাব পড়ে পুরো শরীরে।

আরও পড়ুন: মানসিক চাপ কি নীরবে ক্ষতি করছে আপনার লিভারকে?

আগের প্রজন্মের মানুষকে কেন বেশি সতেজ দেখাত?

আমাদের বড়রা প্রায়ই বলেন, “তোদের বয়সে আমরা কত কিছু করতাম, আর তোরা কিছুই করতে পারিস না।” কথাটি পুরোপুরি ভুল নয়। তাঁদের জীবনযাপন ছিল অনেকটাই ভিন্ন। খাঁটি ও তাজা খাবার খাওয়া, নিয়মিত শারীরিক পরিশ্রম করা, সময়মতো ঘুমানো এবং সবার সঙ্গে মিলেমিশে হাসিখুশি থাকা-এসব অভ্যাস তাঁদের সুস্থ ও সুন্দর দুটোই রেখেছে।

অন্যদিকে আজ আমরা আরামের জীবনে অভ্যস্ত হয়ে পড়েছি। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা, কম নড়াচড়া করা, সব কাজ প্রযুক্তির ওপর নির্ভর করে করা এসব কারণে শরীরের মেটাবলিজম ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, “দীর্ঘক্ষণ বসে থাকাও এখন ধূমপানের মতোই ক্ষতিকর হয়ে উঠছে।” (Anti-Aging Lifestyle Tips)

খাদ্যাভ্যাসের প্রভাব
খাবারের কথাও এখানে গুরুত্বপূর্ণ। বাইরের খাবারের প্রতি আমাদের আকর্ষণ বেশি হলেও এগুলো শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। অতিরিক্ত বাইরের খাবার ত্বকের উজ্জ্বলতা কমিয়ে দেয়, কোষের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে এবং শরীরের স্বাভাবিক বয়স বাড়ার প্রক্রিয়াকে দ্রুত করে তোলে। ফলে শরীর তার স্বাভাবিক উজ্জ্বলতা হারাতে থাকে।

যারা ধূমপান বা মদ্যপান করেন, তাদের ক্ষেত্রেও ঝুঁকি বেশি। ধূমপান শরীরে ক্ষতিকর উপাদান বাড়িয়ে দেয়, যা DNA ও রক্তনালীর ক্ষতি করে। অন্যদিকে অতিরিক্ত মদ্যপান লিভার, মস্তিষ্ক এবং শরীরের অন্যান্য অঙ্গের ওপর খারাপ প্রভাব ফেলে। এছাড়া এটি পেটের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট করে দেয়।

Anti-Aging Lifestyle Tips: সুন্দর ও তরুণ থাকার সহজ উপায়

বিশেষ বার্তা
সবশেষে একটাই কথা, সৌন্দর্য শুধু বাইরের বিষয় নয়। এটি আমাদের মন, শরীর এবং জীবনযাপনের প্রতিফলন। যদি মন ভালো থাকে, তবে তার প্রভাব স্বাভাবিকভাবেই চেহারায় ফুটে ওঠে। নিজের ত্বকের যত্ন নেওয়া অবশ্যই ভালো, কিন্তু তার আগে মনকে সুন্দর করে তোলা জরুরি। নিজেকে ভেতর থেকে তরুণ ভাবুন, জীবনকে সহজভাবে নিন এবং নিজের যত্ন নিন। দেখবেন, ধীরে ধীরে আপনার চেহারাতেও সেই সতেজতা ফিরে আসবে। তখন সত্যিই মনে হবে-মন ভালো থাকলে ৫০-এও ২০। (Anti-Aging Lifestyle Tips)

আপনার সুস্থতা ও সচেতনতাই আমাদের কাম্য। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে সচেতন হতে সাহায্য করুন।


লেখক পরিচিতি

ব্রততী সিনহা রায় একজন পেশাদার কাউন্সেলিং সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট। তবে তাঁর কাজের ধরনকে আলাদা করে তোলে তাঁর গভীর মানবিকতা ও হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ। তিনি শুধুমাত্র সমস্যার সাময়িক সমাধানে বিশ্বাসী নন; বরং মানুষের ভেতর থেকে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠার পথ তৈরি করাই তাঁর মূল লক্ষ্য।

তিনি একটি হলিস্টিক অ্যাপ্রোচ অনুসরণ করেন, যেখানে বিভিন্ন ধরনের থেরাপির পাশাপাশি মানুষের মানসিক সুস্থতার ক্ষেত্রে স্পিরিচুয়াল দিককেও গুরুত্ব দেন। এই সমন্বিত দৃষ্টিভঙ্গিই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে।

নিজের জীবনের নানা অভিজ্ঞতা তাঁকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে, যেখানে তিনি মানুষের মানসিক কষ্টকে গভীরভাবে উপলব্ধি করতে পারেন। সেই অভিজ্ঞতা থেকেই তাঁর মধ্যে তৈরি হয়েছে মানুষের পাশে থাকার, তাদের ভালো রাখার এবং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার এক আন্তরিক ইচ্ছা।

এই বিশ্বাস এবং শিক্ষা থেকেই তিনি নিজেকে প্রতিনিয়ত আরও সমৃদ্ধ করে তুলছেন—শুধু একজন পেশাদার হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও—যাতে তিনি অন্যদের জীবনে সত্যিকারের সুস্থতা ও শান্তি নিয়ে আসতে পারেন।



Exit mobile version