ভারতের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও আধুনিক ও ডিজিটাল করতে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে কেন্দ্র সরকার চালু করেছে আয়ুষ্মান ভারত প্রকল্প (ABHA Card)। এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল ABHA (Ayushman Bharat Health Account) কার্ড। বর্তমানে বহু সরকারি এবং বেসরকারি হাসপাতাল এই ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে। ফলে রোগীর চিকিৎসার তথ্য, প্রেসক্রিপশন, রিপোর্ট থেকে শুরু করে হাসপাতালের নথি— সবকিছু এখন ডিজিটালভাবে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। যেহেতু পশ্চিমবঙ্গে এ বার আয়ুষ্মান ভারতে নাম লিখিয়েছে তাই আপনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এই ABHA Card.
প্রকল্পটি নতুন হওয়ায় অনেকেই এখনও এই বিষয়ে বিস্তারিত কিছু জানেন না। কী এই আয়ুষ্মান ভারত প্রকল্প? ABHA কার্ডই বা কী? কীভাবে আবেদন করবেন? কী কী সুবিধা পাওয়া যায়? রইল বিস্তারিত গাইডলাইন।
Table of Contents
আয়ুষ্মান ভারত প্রকল্প কী?
Ayushman Bharat হলো কেন্দ্রীয় সরকারের একটি বৃহৎ স্বাস্থ্য প্রকল্প, যা দেশের সাধারণ মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে চালু করা হয়েছে। এই প্রকল্পটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু করেন। এর মূল উদ্দেশ্য হলো দেশের দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলিকে স্বাস্থ্য সুরক্ষা দেওয়া এবং ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা গড়ে তোলা।
এই প্রকল্পের দুটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে—
১) PM-JAY (Pradhan Mantri Jan Arogya Yojana): এই অংশের দরিদ্র পরিবারগুলিকে বছরে নির্দিষ্ট পরিমাণ স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়া হয়।
২) ABDM (Ayushman Bharat Digital Mission): এই ডিজিটাল মিশনের আওতাতেই চালু হয়েছে ABHA কার্ড। এর মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের একটি ডিজিটাল স্বাস্থ্য পরিচয় তৈরি করা হবে।
ABHA Card কী?
ABHA Card হলো একটি ডিজিটাল স্বাস্থ্য পরিচয়পত্র বা ডিজিটাল হেলথ আইডি। এই কার্ডে একটি ১৪ সংখ্যার ইউনিক নম্বর থাকে, যা ব্যবহার একজন ব্যক্তি দেশের যে কোনও হাসপাতাল, ক্লিনিক এবং ডাক্তারদের মধ্যে নিজের চিকিৎসা সংক্রান্ত নথিপত্র—যেমন ল্যাব রিপোর্ট এবং প্রেসক্রিপশন, বিভিন্ন টেস্ট রিপোর্ট নিরাপদে সংরক্ষণ বা আদান-প্রদান করতে পারেন।
ABHA কার্ডে কী কী সুবিধা পাওয়া যাবে?
- ডিজিটাল স্বাস্থ্য রেকর্ড: আগে বিভিন্ন হাসপাতালের কাগজপত্র আলাদা আলাদা রাখতে হতো। এখন সব তথ্য এক জায়গায় ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে।
- যেকোনও জায়গা থেকে তথ্য পাওয়া যাবে: দেশের যে কোনও হাসপাতালে প্রয়োজন হলে আপনার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দেখা যাবে।
- কাগজপত্র বহনের ঝামেলা কম: হাসপাতালে ভর্তি বা চিকিৎসার সময় বারবার রিপোর্ট বহন করতে হবে না।
- সম্পূর্ণ নিরাপদ ব্যবস্থা: আপনার অনুমতি ছাড়া কেউ আপনার মেডিক্যাল তথ্য দেখতে পারবে না।
- দ্রুত চিকিৎসা পরিষেবা: হাসপাতালে রেজিস্ট্রেশন ও চিকিৎসার প্রক্রিয়া আরও দ্রুত হবে।
- সরকারি ও বেসরকারি হাসপাতাল উভয় ক্ষেত্রেই ব্যবহারযোগ্য: ABDM নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হাসপাতালগুলিতে এই সুবিধা পাওয়া যাবে।
- চাইল্ড ABHA কার্ড: এই কার্ডের মাধ্যমে শিশুদের আলাদা করে বিশেষ সুবিধা পাওয়া যায়।
- ক্যাশলেশ চিকিৎসা: অনেক ক্ষেত্রেই মেডিক্লেমের আবেদন করলে টাকা পেতে বা সেই আবেদন মঞ্জুর হতে দেরি হয়। কিন্তু সেই স্বাস্থ্য বিমা যদি ABHA ID র সঙ্গে যুক্ত করা হয় তবে খুব দ্রুত ক্যাসলেশ চিকিৎসার সুবিধে পেতে পারেন।
ABHA নম্বর ও ABHA Address কী?
ABHA নম্বর হলো একটি ১৪ সংখ্যার ইউনিক নম্বর (12-3456-7890-1234) এই নম্বরের মাধ্যমেই রোগীর ডিজিটাল স্বাস্থ্য পরিচয় তৈরি হয়।
ABHA এড্রেস হল অনেকটা ইমেল আইডির মতো (yourname@abdm)। এর মাধ্যমে সহজে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য আদানপ্রদান করা যায়।
কারা ABHA Car-এর জন্য আবেদন করতে পারবেন?
ভারতের যে কোনও নাগরিক ABHA কার্ডের জন্য আবেদন করতে পারেন। এর জন্য বয়সের কোনও বাধ্যবাধকতা নেই।
কীভাবে ABHA Card-এর জন্য আবেদন করবেন?
এই পরিষেবা পাওয়ার জন্য মূলত অনলাইনে আবেদন করতে হয়।
- ধাপ ১: আবেদন করতে ABHA এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে https://abha.abdm.gov.in/abha/v3/register
- ধাপ ২: Create ABHA Number অপশনে ক্লিক করুন। এরপর দুটি অপশন দেখা যাবে, অর্থাৎ আপনি কোনটি ব্যবহার করে আপনার কার্ডটি তৈরি করতে চান। Aadhaar ব্যবহার করে নাকি Mobile Number ব্যবহার করে। পছন্দমত অপশনে ক্লিক করতে হবে।
- ধাপ ৩: যে নম্বর দেবেন সেখানে OTP আসবে। OTP দিয়ে ভেরিফিকেশন করতে হবে।
- ধাপ ৪: প্রয়োজনীয় তথ্য (নাম, জন্মতারিখ, লিঙ্গ, ঠিকানা ইত্যাদি) পূরণ করুন।
- ধাপ ৫: সমস্ত তথ্য ঠিক থাকলে সঙ্গে সঙ্গে আপনার ABHA Number তৈরি হয়ে যাবে।
- ধাপ ৬: এরপর ডিজিটাল ABHA Card ডাউনলোড করা যাবে। এছাড়াও সরকারি মোবাইল অ্যাপ (UMANG বা ABDM সমর্থিত বিভিন্ন Health App) ব্যবহার করেও আবেদন করা যায়।
ডিজিটাল ভারতের পথে স্বাস্থ্য পরিষেবাকেও আধুনিক করার লক্ষ্য নিয়েই চালু হয়েছে এই আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ও ABHA কার্ড ব্যবস্থা। সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবাকে সহজ, দ্রুত ও নিরাপদ করে তুলতেই এই উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। সম্প্রতি বাংলাতেই এই প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আধার বা মোবাইল নম্বর থাকলেই কয়েক মিনিটে তৈরি হয়ে যাবে আপনার ডিজিটাল স্বাস্থ্য পরিচয়পত্র। দেরি না করে আজই আপনিও ABHA কার্ড তৈরি করে এই সরকারি পরিষেবার আওতায় আসতে পারেন।

