Site icon Hindustan News Point

আর কলকাতায় হবে না ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ? ISL নিয়ে কী সিদ্ধান্ত

ISL Schedule 2025-26

হোম অ্যাণ্ড অ্যাওয়ে পদ্ধতিতে নয়। একটি নির্দিষ্ট জায়গাতেই এবারের আইএসএল। বাংলা এবং গোয়াতে আইএসএল এর ম্যাচগুলো হবে। বাংলায় যুবভারতী ক্রীড়াঙ্গন, কিশোরভারতী স্টেডিয়াম, বারসত স্টেডিয়াম, কল্যাণী স্টেডিয়ামে আইএসএলের ম্যাচ হবে। কলকাতার তিন প্রধান ছাড়া বাংলায় খেলবে নর্থ ইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি, ওডিশা এফসি, ইন্টার কাশী। সোমবার ফেডারেশনের প্রস্তাবিত মডেলে সম্মতি জানাতে চলেছে ক্লাবরা। তারপর তা সলিসিটার জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে পেশ করবে। ৫ জানুয়ারি এই ব্যাপারে চূড়ান্ত সম্মতি আসবে। আপাতত ৫ ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হওয়ার কথা ঠিক আছে বলে শোনা যাচ্ছে। ইস্টবেঙ্গল আইএসএল আয়োজনের ব্যাপারে অসম্মত ছিল। কিন্তু ফেডারেশনের মাধ্যমে লিগের প্রস্তাব আসায় আইএসএল নিয়ে ভিন্ন মত তাদের নেই। সম্ভবত দূরদর্শনে এবারের আইএসএল দেখা যাবে। সঙ্গে বেসরকারি অ্যাপে দেখা যাওয়ার ব্যবস্থা হতে পারে। কম সময়ে সুষ্ঠভাবে আইএসএল আয়োজনে হয়তো ব্যবস্থাপনা এফএসডিএল এর কাছেই থাকতে চলেছে। পুরো জটটা  খোলার পরিস্থিতি তৈরি হলেও কিছু ধোঁয়াশা থাকছেই।

কী ব্যাপারে ধোঁয়াশা রয়ে গিয়েছে?


এখনও অপারেশনাল এক্সপেন্স, স্যালারি ক্যাপ, লং টার্ম প্রোটেকশন অফ ইনভেস্টমেন্টের মত বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়া বাকি। চলতি আইএসএলের খরচ নির্ভর করছে ক্লাবগুলি কোন ফরম্যাটে আইএসএল খেলতে চাইছে, তার উপর। এ বছর কমার্শিয়াল পার্টনার না পেলে শুধুমাত্র ক্লাবের পার্টিসিপেশন ফি-র উপর ভিত্তি করেই আইএসএল হবে। ২৮ ডিসেম্বর আরও এক দফা অনলাইনে বৈঠক হবে। সেদিন শর্টটাইম লিগের বিষয়টি চূড়ান্ত করা হবে।

ফেডারেশন, ক্লাব জোট এবং কমার্শিয়াল পার্টনারের এই হাইব্রিড মডেলে আপাতত খুশি ক্লাবগুলি। ২৯ ডিসেম্বর সব বিষয় নিয়ে সামনাসামনি বৈঠক সব পক্ষের। ফেডারেশন আশাবাদী, সেখানেই ঘোষণা করে দেওয়া যাবে কবে শুরু হচ্ছে এবারের আইএসএল। তবে ক্লাবগুলো দাবি জানাবে, এবারের আইএসএলে বল গড়ানোর আগেই যাতে নতুন দীর্ঘমেয়াদী পরিকল্পনা-প্রস্তাবের সব শর্তে সুপ্রিম কোর্টের অনুমতি জোগাড় করে ফেডারেশন এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।


তবে যাই হোক না কেন সব মিলিয়ে যেকোনও মূল্যে আইএসএল আয়োজনে রাজি সব পক্ষই।


Exit mobile version