আইপিএলে নতুন মরসুমের আগে বিশেষ সম্মান পেলেন অ্যান্দ্রে রাসেল (Andre Russel)। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে জার্সি নম্বর ১২ অবসর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। মঙ্গলবার কলকাতায় দলের প্রি-সিজন অনুষ্ঠান ‘নাইটস আনপ্লাগড ৩.০’-এ এই ঘোষণা করা হয়।
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে নাইটদের জার্সিতে অসাধারণ পারফরম্যান্সের জন্যই এই বিশেষ সম্মান ক্যারিবিয়ান অলরাউন্ডারকে। ২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১২ বছর কেকেআরের হয়ে আইপিএলে খেলেছেন রাসেল। তাঁর শক্তিশালী ব্যাটিং, কার্যকর বোলিং এবং মাঠে আগ্রাসী উপস্থিতি খুব দ্রুতই তাঁকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটারে পরিণত করে।
এই সময়ে মোট ১৪০ টি আইপিএল ম্যাচে কেকেআরের (Andre Russel) হয়ে মাঠে নেমেছেন তিনি। ব্যাট হাতে করেছেন ২,৬৫১ রান, স্ট্রাইক রেট ১৭৪.১৭। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১২৩ টি উইকেট। আইপিএলের ইতিহাসে মাত্র দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে ২০০০-এর বেশি রান এবং ১০০-র বেশি উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৯ সালের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করে টুর্নামেন্টের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ নির্বাচিত হয়েছিলেন রাসেল। সেই মরসুমে তিনি ৫১০ রান করেন ২০৪.৮১ স্ট্রাইক রেটে এবং গড় ছিল ৫৬.৬৬।
কেকেআরের হয়ে তাঁর বোলিং রেকর্ডও উল্লেখযোগ্য। ২০২১ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ানস-এর বিরুদ্ধে ৫ উইকেটে ১৫ রান দিয়ে কেকেআরের ইতিহাসে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছিলেন তিনি। ফ্র্যাঞ্চাইজির হয়ে তাঁর ১২২ উইকেট দলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকায় তাঁর উপরে রয়েছেন সতীর্থ সুনীল নারিন, যাঁর ঝুলিতে রয়েছে ১৯২টি উইকেট।
এই উপলক্ষে কেকেআরের সিইও ভেঙ্কি মাইশোর বলেন, রাসেলের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির দীর্ঘ সম্পর্ক রয়েছে। মাঠে তাঁর পারফরম্যান্স দলকে বহু সাফল্য এনে দিয়েছে। তাই তাঁর বিখ্যাত ১২ নম্বর জার্সিকে স্মরণীয় করে রাখতে সেটিকে অবসর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্মান পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রাসেলও। তিনি বলেন, কেকেআরের সঙ্গে এক দশকেরও বেশি সময়ের যাত্রা তাঁর জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। দুটি আইপিএল জয়ী দলের সদস্য হতে পারা এবং সমর্থকদের ভালোবাসা পাওয়া তাঁর কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে। ফ্র্যাঞ্চাইজিকে এই সম্মানের জন্য ধন্যবাদও জানান তিনি।

