Site icon Hindustan News Point

Badminton Player Death: খেলার মাঝেই বুকে ব্যথা, ৫ সেকেন্ডেই মৃত্যু ব্যাডমিন্টন খেলোয়াড়ের

Badminton Player Death

খেলার মাঠে আকস্মিক মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়। আন্তর্জাতিক পর্যায় থেকে শুরু করে স্থানীয় স্তর—সব জায়গাতেই মাঝে মধ্যে এমন দুঃখজনক ঘটনা সামনে আসে। এবার উত্তরপ্রদেশের মাহোবা জেলায় ব্যাডমিন্টন খেলতে খেলতেই মৃত্যু হলো ৫৮ বছর বয়সী সুধীর গুপ্তার (Badminton Player Death)। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুরো ঘটনাটি ধরা পড়ে স্টেডিয়ামের সিসিটিভি ক্যামেরায়।

মাহোবার জেলা স্টেডিয়ামে সুধীর তাঁর বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলেন। ভিডিওতে দেখা যায়, তিনি স্বাভাবিকভাবেই খেলা চালিয়ে যাচ্ছেন এবং পরপর তিনটি শট খেলেন। কিন্তু আচমকাই পরিস্থিতি বদলে যায়। তৃতীয় শট নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি অস্বস্তি অনুভব করতে শুরু করেন। ধীরে হাঁটতে হাঁটতে বুকে হাত দেন এবং কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন। পুরো ঘটনাটি ঘটে মাত্র কয়েক মুহূর্তে।

সহখেলোয়াড়রা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, এটি ‘সাইলেন্ট হার্ট অ্যাটাক’-এর ঘটনা, যেখানে কোনও পূর্ব লক্ষণ ছাড়াই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে।

ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা দেখে আতঙ্কিত অনেকেই। উল্লেখযোগ্য বিষয়, সুধীর নিয়মিত খেলাধুলা করতেন এবং নিজের ফিটনেস নিয়েও যথেষ্ট সচেতন ছিলেন।

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—ফিটনেস বজায় রাখা সত্ত্বেও কীভাবে এমন মর্মান্তিক পরিণতি হলো? তাঁর শরীরে আগে থেকে কোনও সমস্যা ছিল কি না, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, স্বাস্থ্য সচেতনতা ও নিয়মিত চেকআপ কতটা জরুরি।

উজ্জ্বল করেছেন দেশের নাম, ভোটার তালিকায় ‘ডিলিটেড’ সেই প্যারা অ্যাথলিট আতর আলি


Exit mobile version