ভারতে T20 World Cup খেলতে না যাওয়ার সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিক ভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (ICC) জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। রবিবার সন্ধ্যায় আইসিসি-কে চিঠি পাঠিয়ে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলি সরিয়ে নেওয়ার অনুরোধ করেছে বিসিবি। সূত্রের খবর, এই অনুরোধে ইতিবাচক মনোভাব দেখাতে পারে আইসিসি। সেক্ষেত্রে বাংলাদেশ তাদের বিশ্বকাপের ম্যাচগুলি খেলতে পারে শ্রীলঙ্কায়, যারা এই টুর্নামেন্টের সহ-আয়োজক।
বিশ্বকাপের বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে হওয়ার কথা ছিল। এর মধ্যে তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে এবং একটি ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নির্ধারিত ছিল। তবে সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে ভারতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
মুস্তাফিজুর বিতর্কের আবহে বাংলাদেশের T20 বিশ্বকাপ দল ঘোষণা, নেতৃত্বে লিটন
রবিবার দুপুরে বিসিবির পরিচালকমণ্ডলী জরুরি বৈঠকে বসে পরিস্থিতি পর্যালোচনা করে। বৈঠকে গত ২৪ ঘণ্টার ঘটনার পাশাপাশি ভারত সফরের পরিবেশ এবং দলের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ সরকারের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে গোটা দলকে ভারতে পাঠানো নিরাপদ নয় এবং বিসিবিকে আইসিসি-র কাছে ম্যাচগুলি শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। (T20 World Cup)
উল্লেখ্য, আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ার পরই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এর জেরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে মনে করছেন অনেকে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে আইসিসি কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। আশা করা হচ্ছে, সোমবার বা মঙ্গলবারের মধ্যেই সিদ্ধান্ত জানানো হতে পারে।











